নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : বাংলাদেশি নাগরিকদের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মালয়েশিয়া। আজ ৭ই মে শুক্রবার এ তথ্য জানিয়েছে ঢাকার মালয়েশিয়া হাইকমিশন।
মালয়েশিয়া হাইকমিশন জানায়, করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় মালয়েশিয়া সরকার বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। আগামী ৮ই মে থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
বাংলাদেশি নাগরিকরা বিমানে ট্রানজিটেও মালয়েশিয়া ভ্রমণ করতে পারবেন না। তবে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় মালয়েশিয়ান নাগরিক গেলে তাকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
জানা যায়, ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় সংক্রমণ প্রতিরোধে মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এ তালিকায় বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, নেপাল ও শ্রীলংকা রয়েছে। এর আগে গত ৫ই মে বুধবার এক বিবৃতিতে এ কথা জানান দেশটির সিনিয়র মন্ত্রী (নিরাপত্তা) দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব।
তিনি জানিয়েছেন, এ নিষেধাজ্ঞায় সব ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে অধিক সংক্রমণের দেশ হিসাবে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাগরিকের ওপর মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
সম্প্রতি ভারত থেকে আসা এক ব্যাক্তির শরীরে কোভিড–১৯ ভ্যারিয়েন্ট শনাক্তের পর ভারতের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ভারতের পার্শ্ববর্তী দেশগুলোর ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

