আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

চালককে খুন করে আড়াইহাজারে অটোরিকশা ছিনতাই

চালককে খুন করে আড়াইহাজারে অটোরিকশা ছিনতাই
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে সবুজ (২৪) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালককে খুন করে গাড়ি ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ৯ই মার্চ মঙ্গলবার সকালে উপজেলার তিলচন্দী এলাকা থেকে হাত, পা এবং মুখ বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত সবুজ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খিরদাসাদী গ্রামের সফিকুল ইসলামের ছেলে।

নিহতের স্বজনরা জানান, ৮ই মার্চ সোমবার রাত ৮টায় সবুজের সঙ্গে শেষ কথা হয়। পরে রাত ১০টায় তাকে আবার ফোন করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি। এরপর মঙ্গলবার ভোরে আড়াইহাজার-জাঙ্গালিয়া সড়কের তিলচন্দী এলাকায় পাকা রাস্তার ধারে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় সবুজের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ সবুজের লাশ উদ্ধার করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সবুজকে হাত-পা-মুখ বেঁধে শ্বাসরোধ ও আঘাত করে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এ ব্যাপারে তিনি আরো জানান, তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। ময়না তদন্তের রির্পোট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। তবে পুলিশ হত্যার রহস্য উদঘাটনের কাজ করছে।

About the author

SOFT PRO IT