নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

প্রাইভেটকার চালকের ছদ্মবেশে মাদক পাচার, সোনারগাঁয়ে গ্রেফতার

প্রাইভেটকার চালকের ছদ্মবেশে মাদক পাচার, সোনারগাঁয়ে গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র‌্যাবের বিশেষ অভিযানে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল পাচারের দায়ে মো. রুবেল হোসেন (২৮) নামে এক জন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। আজ ২৮ জানুয়ারি বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টায় সোনারগাঁ থানাধীন কাঁচপুর এলাকায় কাঁচপুর সিএনজি এন্ড রিফিউলিং সেন্টারের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে কুমিল্লা হতে ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ফেনসিডিল সহ গ্রেফতার করে র‌্যাব-১১ এর সদস্যরা।

এ সময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ২৫০ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী মো. রুবেল হোসেন বরিশাল জেলার কাজীরহাট থানাধীন আন্দারমানিক এলাকার মো. আনিস মুন্সীর ছেলে। সে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন আটি হাউজিং সিদ্ধিরগঞ্জ এলাকায় বসবাস করে এবং প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করতো বলে জানা যায়।

২৮শে জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ৩টায় নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামী মো. রুবেল হোসেন পলাতক আসামীর পরষ্পর যোগসাজশে প্রাইভেটকারযোগে যাত্রী পরিবহনের আড়ালে অভিনব পন্থায় ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে জিজ্ঞাসাবাদে জানা যায়।

র‌্যাবের ওই কর্মকর্তা আরো জানান, মাদক পাচারকারী মো. রুবেল হোসেন স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ পলাতক আসামীর যোগসাজশে অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল বাংলাদেশে প্রবেশ করায় এবং বিশেষ কৌশলে প্রাইভেটকারযোগে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। মাদক ব্যবসা ছিল তার একমাত্র পেশা মূলত প্রাইভেটকার চালক তার একটি ছদ্মবেশ মাত্র।  গ্রেফতারকৃত  ও পলাতক আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT