নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে ৪ ঘন্টা পর নিয়ন্ত্রণে টিভি-ফ্রিজ কারখানার আগুন

সোনারগাঁয়ে ৪ ঘন্টা পর নিয়ন্ত্রণে টিভি-ফ্রিজ কারখানার আগুন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর এলাকায় টিভি ও ফ্রিজ উৎপাদনকারি কনকা ইলেকট্রনিক্সের কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ৩ জানুয়ারি রবিবার সকাল সাড়ে ১০টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কারখানায় সংঘটিত আগুন ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় বিকাল সাড়ে ৩ টা ১০ মিনিটে সাড়ে ৪ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে । এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা ডাম্পিংয়ের কাজ শুরু করে।

এলাকাবাসী জানান, সকালে শ্রমিকেরা যখন কাজে যোগদান করছিল তখন কারখানার তৃতীয় তলায় এসি মেরামতের রুমে আগুনের সূত্রপাত হয়। আর মুুহূর্তে তা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে শ্রমিকেরা দৌড়ে কারখানা থেকে বের হয়ে আসে। তবে কেউ ভেতরে আটকে ছিল কিনা জানা যায়নি। তাছাড়া আগুন কীভাবে লেগেছে কেউ কিছু বলতে পারেনি। অগ্নিকান্ডে কারখানার যন্ত্রাংশ, কাঁচামালসহ ভেতরের অধিকাংশ মালামাল পুড়ে গেছে। আগুনের তাপে ভবনের সকল জানালার কাঁচ ভেঙ্গে গেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে কাজ শুরু করেছি। আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে প্রধান ফটক নির্মাণাধীন থাকায় ভেতরে প্রবেশে আমাদের বেগ পেতে হয়েছে তাই আমাদের গাড়ি ভেতরে প্রবেশে সমস্যা হয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষকণিকভাবে জানানো সম্ভব হচ্ছে না।

এদিকে, আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের সোনারগাঁও, মেঘনা, গজারিয়া , বন্দর, ডেমরা স্টেশনের ১২টি ইউনিট ও ৮০ জন কর্মী। এতে সহায়তা করে পুলিশ, র‍্যাব, স্বেচ্ছাসেবী ও স্থানীয়রা।

শ্রমিকরা জানান, সকালে কাজে যোগদান করার পরপরই আগুন লাগে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক। শ্রমিকদের মধ্যে ইঞ্জিনিয়ার আতিক ও আরেকজন (নাম জানা যায়নি) আহত হয়েছে বলে জানা যায়।

সোনারগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ সুজন কুমার হাওলাদার জানান, ঘটনাস্থালে সোনারগাঁও, বন্দর, ডেমরা স্টেশনের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তবে এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে, ডাম্পিং চলছে। পুলিশ ও স্থানীয়রাও ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তা করেছেন।

About the author

SOFT PRO IT