রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে হাত-পা বাঁধা স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী আটক

লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাতপা বাঁধা অবস্থায় নিজ ঘর থেকে মমতাজ বেগম (৩৮) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ওই নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। ১লা সেপ্টেম্বর মঙ্গলবার ভোরে রূপগঞ্জ উপজেলার মাসাবো এলাকায় মজিবুরের ভাড়া বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ওই নারী মুন্সীগঞ্জের লৌহজংয়ের গাওদিয়া এলাকার নুরুল ইসলামের মেয়ে। ঘটনায় আটককৃত ব্যক্তির নাম রঞ্জু। সে জামালপুরের মেলান্দহ থানার শরীফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মমতাজের পূর্বেও একটি বিয়ে হয়েছিল। বর্তমানে দ্বিতীয় স্বামী রঞ্জুর সাথে ওই ভাড়া বাড়িতে থেকে কয়েক মাস যাবৎ সংসার করছিলেন। ৩১ আগস্ট দিবাগত রাত আড়াইটার দিকে মমতাজের ঘরের জানালা খোলা দেখে উঁকি দেন প্রতিবেশী আদুরী। দেখতে পান মমতাজের হাতপা বাধা গলাকাটা লাশ। বিষয়টি থানা পুলিশকে জানালে ভোরে এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায় তারা। এরপর লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান  জানান, ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী রঞ্জুকে আটক করা হয়েছে। কি কারণে হত্যাকান্ড ঘটেছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। তবে পুলিশের ধারণা, এটি পূর্ব পরিকল্পিত হত্যা। পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

About the author

SOFT PRO IT