নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঈদের আগে পাঁচ দিন, ঈদের দিন ও ঈদের পরে তিন দিনসহ মোট ৯ দিন গণপরিবহন বন্ধ থাকবে। করোনাভাইরাস ঠেকাতে ও জনসাধারণের চলাচল সীমিত করার স্বার্থে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তবে ট্রেন ও লঞ্চ চলাচলের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানা যায়নি।বুধবার (১৫ জুলাই) সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে লঞ্চ, ফেরি, স্টিমার চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ কর্মপন্থা নির্ধারণ সংক্রান্ত বৈঠকের শুরুতে প্রতিমন্ত্রী বলেন, ঈদের ৫ দিন আগে থেকে এবং ঈদের পরে ৩ দিন গণপরিবহন বন্ধ রাখার বিষয়ে একটি প্রজ্ঞাপন আমরা পেয়েছি। মিটিং করে সেই আলোকেই আমরা পদক্ষেপ গ্রহণ করব।
করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় এর আগে ঈদুর ফিতরের সময়ও গণপরিবহন চলাচল নিয়ন্ত্রণ করেছিল সরকার। ঢাকায় প্রবেশ ও ঢাকা থেকে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নগরীতে প্রবেশ ও বের হওয়া পথে চেকপোস্ট বসিয়ে মানুষের চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। কিন্তু নানা অজুহাতে ও বিভিন্ন উপায়ে ঢাকা ছাড়ছিল মানুষ। পরে পুলিশ এই অবস্থান থেকে সরে আসে। গণপরিবহন বন্ধ রাখলেও ব্যক্তিগত পরিবহন ব্যবহার করে চলাচলের অনুমতি দেওয়া হয়।

