নারায়ণগঞ্জ বন্দর বিশেষ সংবাদ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ত্রাণ কমিটিতে অন্তর্ভুক্ত হতে সদস্য প্রতি অর্থ আদায়ের অভিযোগ

বন্দরে ত্রাণ কমিটিতে অন্তর্ভুক্ত হতে সদস্য প্রতি অর্থ আদায়ের অভিযোগ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (বন্দর সংবাদ দাতা) : বন্দরের মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহিদ ভূইয়া ও সাধারণ সম্পাদক নাজিমউদ্দিনের বিরুদ্ধে ত্রাণ কমিটিতে অন্তর্ভুক্ত হতে সদস্য প্রতি ১ হাজার টাকা করে আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, করোনা মহামারি আকার ধারণ করায় এবং বিভিন্নস্থানে ত্রাণ বিতরণে দুর্নীতির অভিযোগ উঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ত্রাণ কমিটি করার নির্দেশ দেন যেনো হত দরিদ্রদের মাঝে সঠিকভাবে ত্রাণ বিতরণ করা হয়। সেই ত্রাণ কমিটিতে অন্তর্ভুক্ত হতে সদস্য প্রতি ১ হাজার টাকা করে আদায় করার অভিযোগ পাওয়া গেছে মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিদ ভূইয়া ও সাধারণ সম্পাদক নাজিমউদ্দিনের বিরুদ্ধে।

এ ঘটনায় সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মদনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের একাধিক নেতাকর্মীর স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ জেলা আওয়ামী লীগের দপ্তরে দাখিল করা হয়েছে।

এ প্রসঙ্গে বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ বলেন, এ ধরনের একটি অভিযোগের কপি আমার কাছেও এসেছে । আমি সঠিকভাবে তদন্ত করে জেলা কমিটির সাথে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহিদ ভূইয়া তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে বলেন, এ বিষয়টি মিথ্যা। সদস্য করতে গেলে কি ১০০০ টাকা করে কি নিলে হয় নাকি। এরকম কোন কিছুই নেয়া হয়নি। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।

সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগে প্রেরণকৃত লিখিত অভিযোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি শুনেছি। আমার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়ার ঘটনায় আমরা সবাইকে ঢেকেছিলাম। পরে আজকে ওয়ার্ডভিত্তিক প্রত্যেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের স্বাক্ষরিত আরেকটি কপি তারা পাঠিয়ে দিয়েছে যে আমরা কোন টাকা তাদের থেকে নেই নাই।

About the author

SOFT PRO IT