নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে করোনা ভাইরাসের টিকা বিক্রি, ২ প্রতারক আটক

সোনারগাঁয়ে করোনা ভাইরাসের টিকা বিক্রি, ২ প্রতারক আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায়  করোনা ভাইরাসের টিকা বিক্রির অভিযোগে দুই প্রতারককে আটক করে পুলিশ। রোববার (২২মার্চ) সকালে দুই প্রতারককে আটক করে গণধোলাই দিয়ে জুতারমালা পড়িয়ে পুলিশে দেয় এলাকাবাসী।

জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা হরি মন্দিরে করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে বলে মাইকিং করা হয়। প্রতারকরা পূর্ব পরিকল্পিতভাবে গ্রামের সহজ সরল মানুষকে বোকা বানিয়ে ভিটামিন ইনজেকশন দিয়ে প্রতি মানুষের কাছ থেকে ২- ৫শ পর্যন্ত টাকা নিতে শুরু করে।

বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকাবাসী একত্রিত হয়ে যাত্রাবাড়ির মীর হাজারিবাগের মৃত আব্দুস সাত্তারের ছেলে  আবজাল হোসেন ও পটুয়াখালীর গোমরাবাড়ির মৃত আব্দুল লতিফ খানের ছেলে বাবুল ইসলামকে আটক করে গণধোলাই দিয়ে জুতার মালা পড়িয়ে তাদের তালতলা ফাঁড়ি পুলিশের কাছে সোপার্দ করে।

এলাকাবাসীর অভিযোগ, বিশ্বের উন্নত দেশেই করোনা প্রতিরোধে হিমশিম খেতে হচ্ছে। আমাদের দেশের প্রতারকরা এ সুযোগ নিয়ে গ্রামের সহজ সরল মহিলাদের টার্গেট করে টাকা হাতিয়ে নেওয়ার ফন্দি আঁটে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. আহসানউল্লাহ বলেন, এলাকাবাসীর অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের কাছ থেকে বেশ কিছু ভিটামিন ইনজেকশন উদ্ধার  করা হয়েছে।

About the author

SOFT PRO IT