প্রধান খবর সংবাদ শিরোনাম সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ঢাকায় এলো স্বপ্নের মেট্রোরেলের ১ম কোচ

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : সরকারের মেগা প্রজেক্টের আওতায় রাজধানীতে মেট্রোরেল প্রকল্পের যে বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে, তা নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। সফলভাবে কাজ শেষ হলে এইটাই হবে দেশের প্রথম মেট্রোরেল। যোগাযোগের এই নতুন মাধ্যম কেমন হবে, বগিগুলোর আকার আকৃতি কেমন হবে? কোন রংঙের হবে? কতগুলো আসন থাকবে? এমন অনেক প্রশ্ন আছে মানুষের মনে।

মানুষের এসব প্রশ্নের উত্তর দিতে ঢাকায় আনা হয়েছে মেট্রোরেলের প্রথম কোচ।  সোমবার (১৭ ফেব্রুয়ারি) উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে কনটেইনার থেকে বের করে নতুন কোচটির মোড়ক খোলা হয়েছে। তবে এটি যাত্রী পরিবহনের জন্য ব্যবহার করা হবে না। প্রদর্শনী এবং সাধারণ মানুষকে মেট্রোরেলে চড়তে শেখাতে এই কোচটি ব্যবহার করা হবে।

প্রদর্শনীর জন্য কোচটি আগামী মাস থেকেই উন্মুক্ত করা হবে। আর যাত্রীবাহী মেট্রোরেলের মূল কোচগুলো ১৫ জুন বাংলাদেশে এসে পৌঁছাবে বলে জানান ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

তিনি বলেন, গত এক বছর ধরে জাপানে এগুলো তৈরি করা হয়েছে। দেশে আসার পর এগুলো অপারেশন কন্ট্রোল সেন্টার (ওসিসি) এর সঙ্গে মিলে চলতে পারছে কিনা তার জন্য ট্রায়াল রান দেওয়া হবে।

এম এ এন ছিদ্দিক বলেন, কোচটি জাপানের মিৎসুবিশি ও কাওয়াসাকি থেকে তৈরি করে আনা হয়েছে। এই কোচ শুধু প্রদর্শন করা হবে, যুক্ত হবে না যাত্রী পরিবহন বহরে। মূল কোচগুলো যে উপাদান দিয়ে যেভাবে তৈরি করা হবে এটিও সেভাবেই তৈরি হয়েছে। উত্তরায় মেট্রোরেলের যে তথ্যকেন্দ্র নির্মাণ করা হচ্ছে সেখানে এটি সাধারণ মানুষের দেখার ও শেখার জন্য প্রদর্শিত হবে।

তিনি আরও বলেন, উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোর পাশে ভিজিটর সেন্টার নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। এমআরটি তথ্য ও প্রদর্শন কেন্দ্রের ভেতরেই রাখা হবে নমুনা ট্রেনটি। সেখানেই দর্শনার্থীদের টিকিট কাটা, ট্রেনে চড়া, দাঁড়ানো, ট্রেন থেকে নামা- এসব বিষয়ে ধারণা দেওয়া হবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

17 February 2020

ঢাকায় এলো স্বপ্নের মেট্রোরেলের ১ম কোচ

www.narayanganjbarta24.com