নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর বিনোদন বিশেষ সংবাদ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফেব্রুয়ারি মাসে নগরীতে ব্যস্ত ফুল ব্যবসায়ীরা

ফেব্রুয়ারি মাসে নগরীতে ব্যস্ত ফুল ব্যবসায়ীরা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ফুল ভালোবাসা, সৌন্দর্য, বিশুদ্ধতা ও শ্রদ্ধার প্রতীক। ফেব্রুয়ারি মাসটি একদিকে যেমন ফালগুনের, ভালোবাসার, অন্যদিকে শ্রদ্ধার। এ মাসে ভালোবাসা দিবস, পহেলা ফালগুন ও ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর বিশেষ দিন রয়েছে। মাসটিকে ঘিরে তাই ফুলের বেচা-বিক্রি হয় জমজমাট। এ মাসটি ফুল ব্যবসায়ীদের জন্য সিজন হিসেবে খ্যাত।

নারায়ণগঞ্জে প্রতি বছরের মতো এবারও ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ফুল ব্যবসায়ীরা বিশেষ প্রস্তুতি নিতে শুরু করেছেন। এ মাসের শুরু থেকেই ভালোবাসার বিভিন্ন বিশেষ দিনকে কেন্দ্র করে প্রিয়জনকে ফুলের উপহার দিতে মানুষ ফুল কিনে থাকেন। নব দম্পতি থেকে শুরু করে প্রায় প্রতিটি সংসারেই প্রিয়জনকে বিশেষ দিনে ফুল দেওয়াটা যেন ভালোবাসার এক অন্যরকম প্রকাশ। এছাড়া ফেব্রুয়ারি বিয়ের জন্যও বিশেষ মাস, এ মাসে অনেক বিয়ের আয়োজনও হয়ে থাকে।

শহরের চাষাঢ়া, বঙ্গবন্ধু সড়ক ও ডিআইটি এলাকার একাধিক ফুল ব্যবসায়ীরা জানান, এ বছরও প্রতি বছরের মতো এ মাসকে টার্গেট করে ইতোমধ্যে পাইকারি বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে আগে থেকেই ফুলের অর্ডার দিয়ে রাখছেন তারা। এর মধ্যে নারায়ণগঞ্জের বন্দরেও ফুল চাষিরা নিজেদের বাগানের ফুল আগে থেকেই ব্যবসায়ীদের কাছে বিক্রির জন্য কথা বলে রাখছেন। এ মাসে অন্যরকম চাহিদা থাকে গাঁদাফুল, জারবেরা, গোলাপ, বিভিন্ন ধরণের গ্লাডিয়াস, রজনীগন্ধা ফুলের।

নগরীর ডিআইটি এলাকায় ফুল ব্যবসায়ী সাফিন আহমেদ বলেন, চলতি ফেব্রুয়ারির মাসের তিন উৎসবকে ঘিরে ইতোমধ্যে নগরীর ফুলের দোকানগুলো বাসন্তি, হলুদ গাঁদা এবং ঝারবালাসহ বিভিন্ন ফুল উঠছে। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে আমাদের অনেক ব্যন্ত থাকতে হয়। ফুলের ব্যবসা সাধারণত সপ্তাহের বৃহস্পতিবার এবং শুক্রবার কিছুটা হয়ে থাকে। তবে বিশেষ দিবস আসলে বেশি বিক্রি হয়। ভালবাসা দিবসে বেশি বিক্রি হয় গোলাপ ফুল। আর ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষ্যেও অনেক ফুল বিক্রি হয়। এদিনের জন্য ফুলের মালা তৈরির অনেক অর্ডার পেয়ে থাকি।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

03 February 2020

ফেব্রুয়ারি মাসে নগরীতে ব্যস্ত ফুল ব্যবসায়ীরা

www.narayanganjbarta24.com