ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় নিখোঁজ প্রকৌশলী জিসানের মরদেহ উদ্ধার

ফতুল্লায় নিখোঁজ প্রকৌশলী জিসানের মরদেহ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় বুড়িগঙ্গায় নিখোঁজের পাঁচদিন পর বাংলা ক্যাট কোম্পানির প্রকৌশলী মাহফুজুর রহমান জিসানের পেট কাটা মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকায় ধলেশ্বরী নদী থেকে মরদেহটি উদ্ধার করে ডুবুরি দল। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন জিসানের সহকর্মী প্রকৌশলী লিখন সরকার।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক স্টেশনের সিনিয়র অফিসার মো. কাজল মিয়া জানান, নিখোঁজ দুই প্রকৌশলীর সন্ধানে শুক্রবার সকাল থেকেই বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি অভিযান চালায় ডুবুরি দল।

একপর্যায়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকায় ধলেশ্বরী নদী থেকে ডুবন্ত অবস্থায় জিসানের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে তার স্বজনরা গিয়ে মরদেহ শনাক্ত করেন।

জিসানের বড় ভাই মো. শোয়েব আহমেদ বলেন, আমার ভাইয়ের মরদেহ আমরা অক্ষত পাইনি। তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল, আর কাটা পেট দিয়েও রক্তক্ষরণ হচ্ছিল। আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, জিসানের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া নিখোঁজ লিখন সরকারের সন্ধানে ফায়ার সার্ভিস তল্লাশি অব্যাহত রেখেছে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নারায়লগঞ্জ জেলা উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ঘটনার দুদিন পর খবর পেয়ে আমরা তিনদিন সন্ধান চালিয়ে জিসানকে উদ্ধার করেছি।

গত ৫ জানুয়ারি রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার রাজাপুর এলাকায় বুড়িগঙ্গা এন্টারপ্রাইজের ভেকু মেরামতের কাজ শেষ করে ফেরার পথে নিখোঁজ হন মাহফুজুর রহমান জিসান ও লিখন সরকার।

এ ঘটনায় জিসানের স্ত্রী রাকিয়া সুলতানা রাজধানীর আশুলিয়া থানায় বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

10 January 2020

ফতুল্লায় নিখোঁজ প্রকৌশলী জিসানের মরদেহ উদ্ধার

www.narayanganjbarta24.com