নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সামনের জীবনটা অনেক কঠিন, সোজা ভেবো না : শিক্ষার্থীদের শামীম ওসমান

সামনের জীবনটা অনেক কঠিন, সোজা ভেবো না : শিক্ষার্থীদের শামীম ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমরা আমাদের বাচ্চাদের কি বানাচ্ছি মানুষ নাকি আমরা শুধু রেজাল্টের দিকে যাচ্ছি শুধু ! আমরা আমাদের বাচ্চাদের কি শিখাচ্ছি? এটা আমার প্রশ্ন আপনাদের সবার কাছে এবং আমার নিজের কাছে। কি বানাচ্ছি আজকে আমাদের বাচ্চাদের? ওদের কি রোবট বানাচ্ছি? শুধু প্রতিযোগিতা আর প্রতিযোগিতা ! এই প্রতিযোগিতার মাধ্যমে কি ওদের মাঝ থেকে মনুষত্বকে দূর করে দিচ্ছি? তাই তোমাদের উদ্দেশ্যে একটাই কথা, লেখাপড়া তোমাকে নিজেই করতে নিজের স্বার্থে, আমার স্বার্থে না। আর যদি মনে করো এমনিই লেখা পড়া করবা তাহলে করো না। ছেড়ে দেও লেখাপড়া। সময় নষ্ট করো না বরংচ অন্য কাজ কর্ম শিখো কাজে দিবে। কারণ তোমাদের সামনের জীবনটা অনেক কঠিন, এতো সোজা ভেবো না।

১৯ অক্টোবর শনিবার বিকালে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের জালকুড়ি হাইস্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী এবং মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এসকল কথা বলেন।

তিনি আরো বলেন, কয়েকদিন আগের একটি ঘটনা আমি মেনে নিতে পারিনি। এই ঘটনা আমাকে খুব কষ্ট দিচ্ছে। বুয়েটের একটি ছাত্র নাম হচ্ছে আবরার ফাহাদ। ছেলেটাকে পিটিয়ে মেরে ফেললো। আওয়ামীলীগের শামীম হিসেবে না, একজন বাবা হিসেবে কিছু বলতে চাই। যে ছেলেটাকে মেরে ফেলা হলো সে তো আর ফিরে আসবে না তার বাবা-মায়ের কাছে। ওর বাবা মায়ের স্বপ্ন শেষ।

শামীম ওসমান বলেন, বুয়েটে চান্স পায় কারা? যারা সেরাদের সেরা তারাই সুযোগ পায় বুয়েটে পড়ালেখা করার। তো সেরা একজন ছাত্রকে মেরে ফেলা হলো। আমরা সবাই কষ্ট পেলাম, দু:খ পেলাম। আমার কষ্ট কিন্তু আরো এক জায়গায়। আরো ২০টা ছেলে যাদের এই মামলায় সম্পৃক্ততা এসেছে কিংবা সম্পৃক্ত হবে বা আদালতে প্রমাণিত হলে হয় তো তার শাস্তি হবে। সেই শাস্তি হবে যাবজ্জীবন কিংবা ফাঁসি। ওরাও কিন্তু সেরাদের সেরা।

জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের গর্ভনিং বডির সভাপতি এস এম কামাল হোসেনের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ এনায়েত হোসেন, যুবলীগ নেতা এহসানুল নিপু, নাসিক ৯নং ওয়ার্ড কাউন্সিলর ইস্রাফিল প্রধান, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম বাচ্চু প্রমুখ।

About the author

SOFT PRO IT