আড়াইহাজার র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে পুলিশের পোষাক পরে বাজার ঘেরাও করে গণডাকাতি

ডাকাতি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশ ফাড়ি সংলগ্ন পুলিশের পোষাক পরে একটি বাজার ঘেরাও করে ৩টি জুয়েলারী ও ১টি মোবাইলের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল ৩টি দোকান থেকে ৮০ ভরি স্বর্ণ, ৪৫ কেজি রূপা, ১১টি মোবাইল সেট ও নগদ ১০ লক্ষ টাকা সহ ৫২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এসময় ডাকাতরা  ২ পাহারাদার ও ২ কর্মচারীকে পিটিয়ে আহত করে। ৮ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত ৩ঘন্টা ব্যাপী  উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর বাজারে আলম সুপার মার্কেটে এ ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ ও বাজারের ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ২৫/২৬ জনের ডাকাতদল রাধানগর বাজারটি ঘিরে ফেলে। তারা বাজারের পাহারাদার আব্দুল ও হাসেমকে আটক করে তাদেরকে পিটিয়ে আহত করে ও মার্কেটের ভাড়াটিয়া ও  নির্মাণ শ্রমিক কবির হোসেন, মোহর আকন্দী ও মাসুদকে মার্কেটের দোতলায় আটক করে বেঁধে ফেলে। পরে তারা আলম সুপার মার্কেটের উজ্জ্বল মিয়ার মালিকানাধীন উজ্জ্বল স্বর্ণালয়ের সার্টার ভেঙ্গে ভেতরে থাকা কর্মচারী প্রসেনজিৎ ও আনোয়ারকে পিটিয়ে আহত করে ও অস্ত্রের মুখে জিম্মি করে ৩টি সিন্দুক ভেঙ্গে ৭০ ভরি স্বর্ণালংকার, ৪১ কেজি রূপার অলংকার ও ৭ লক্ষ টাকা, একই সময় শাহিনের স্বর্ণের দোকানের তালা কেটে ৭ভরি ওজনের স্বর্ণালংকার ও ৩ কেজি রূপার অলংকার, মোস্তফার স্বর্ণের দোকানের তালা ভেঙ্গে ৩ ভরি স্বর্ণ ও ১ কেজি রূপা ও  মুক্তার হোসেনের মোবাইলের দোকানের তালা ভেঙ্গে ১১টি মোবাইল সেট লুট করে নিয়ে যায় ডাকাতদল। ডাকাতরা ২টি স্পিট বোর্ডে এসে ডাকাতি শেষে আবার স্প্রিট বোর্ডেই পালিয়ে যায়।

মার্কেটের ভাড়াটিয়া ও  নির্মাণ শ্রমিক কবির হোসেন জানান, ডাকাতরা পুলিশের পোষাক পরে শর্টগান ও পিস্তল নিয়ে তাদেরকে আটক করে মার্কেটের দোতালায় একটি কক্ষে নিয়ে আটক করে রাখে। পরে রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত ৩ঘন্টা পর্যন্ত বাজারে তান্ডব চালায় ডাকাত দল।

উজ্জ্বল স্বর্ণালয়ের মালিক উজ্জ্বল হোসেন জানান, তার জুয়েলারীর ৩টি সিন্দুক ভেঙ্গে ৭৫ ভরি স্বর্ণ, ৪১ কেজি রূপা ও ৭ লক্ষ টাকা লুট করে ডাকাতদল। তিনি অভিযোগ করেন,কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রটি মার্কেটের ১শ গজের মধ্যে হলেও ঘটনার সময় কোন পুলিশ যায়নি। ৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে সহকারী পুলিশ সুপার গ-অঞ্চল অনিচ উদ্দিন ও আড়াইহাজার থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করা হচ্ছে। দুস্কৃতিকারীরা সিকিউরিটি গার্ডের পোষাক পড়ে আসছে বলে শোনাগেছে। উজ্জ্বল স্বর্ণালয়ের  কর্মচারী প্রসেনজিৎকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

About the author

SOFT PRO IT