ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগ‌ঞ্জের জ‌ঙ্গি আস্তানায় বোমা তৈরীর ল্যাব !

নারায়ণগ‌ঞ্জের জ‌ঙ্গি আস্তানায় বোমা তৈরীর ল্যাব !
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ফতুল্লার একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এসময় ‍বিপুল পরিমাণে বোমা তৈরির সরঞ্জাম, আইডি, বিস্ফোরক তৈরির উপাদান, খেলনা পিস্তল ও চাপাতি সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। নব্য জেএমবির সদস্যরা বাড়িটিকে বোমা তৈরির ল্যাব হিসেবে ব্যবহার করতেন বলে জানা গেছে। ২৩ সেপ্টেম্বর সোমবার দুপুর ৩ টার দিকে ফতুল্লার পিলকুনী তক্কারমাঠ এলাকায় একটি বাড়িতে অভিযানটি শেষ হয়।

অভিযান শুরুর সময় উপস্থিত পুলিশের একাধিক সূত্র জানায়, বাড়িটিতে প্রবেশ করার পর সেখানে শক্তিশালী কয়েকটি বোমা, বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম, আইডি, বিস্ফোরক তৈরির উপাদান, খেলনা পিস্তল, চাপাতিসহ বিভিন্ন সরঞ্জাম দেখা যায়। এখানে মূলত বোমা তৈরির ল্যাব হিসেবেই কার্যক্রম পরিচালনা করা হতো।

এর আগে বোমা নিষ্ক্রিয়করণ বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বাড়িটির নিয়ন্ত্রণ নেওয়ার পর চারটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। দুপুর ১২টা ৫৭ মিনিটে, ১টা ১০ মিনিটে, ১টা ২৪ মিনিটে ও ২টা ৯ মিনিটে সর্বশেষ বোমা বিস্ফোরণের আওয়াজগুলো শোনা যায়। শেষ বিস্ফোরণের পর অভিযানস্থলে আগুন ধরে গেলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাড়িটির মালিক বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) জয়নাল আবেদিনের। অভিযানের আগে ভোরে ওই বাড়ির মালিকের দু্ই ছেলে ফরিদউদ্দিন রুমি ও জামালউদ্দিন রফিক এবং ফরিদউদ্দিনের স্ত্রী অগ্রণী ব্যাংকের কর্মকর্তা জান্নাতুল ফোয়ারা ওরফে অনুকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। যদিও রুমি ও তার স্ত্রীর পরিচয় শনাক্ত করে তাদের আটকের সত্যতা নিশ্চিত করেছেন সিটিটিসি ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

About the author

SOFT PRO IT