নারায়ণগঞ্জ সদর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কিশোরী গণধর্ষণের মামলায় ৪ আসামীর যাবজ্জীবন কারাদন্ড

কিশোরী গণধর্ষণের মামলায় ৪ আসামীর যাবজ্জীবন কারাদন্ড
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে একটি প্রিন্টিং কারখানার কিশোরী শ্রমিককে গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের দীর্ঘ ৯ বছর পর ৪ জন যুবককে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত। এই সঙ্গে দন্ডপ্রাপ্তদের এক লাখ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। ২৭ আগস্ট মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন একজন আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেছেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার শহীদনগর এলাকার শান্তি মিয়ার ছেলে শহিদুল ইসলাম, একই এলাকার নাছির মিয়ার ছেলে শাকিল হোসেন, গিয়াস উদ্দিনের ছেলে চঞ্চল ও ফতুল্লার মুসলিমনগর এলাকার নিজাম উদ্দিনের ছেলে আরিফ। আসামীদের মধ্যে শুধুমাত্র চঞ্চল আদালতে উপস্থিত ছিলেন এবং অন্যরা পলাতক রয়েছেন। এ মামলায় দোষী প্রমাণিত না হওয়ায় পলাশ নামের এক আসামীকে খালাস দেয়া হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর রকিবউদ্দিন জানান, ২০১০ সালের ১৫ মার্চ রাত দশটায় সদরের তামাকপট্টি এলাকার একটি প্রিন্টিং কারখানার কিশোরী শ্রমিক কাজ শেষে হেঁটে বাড়ি ফিরছিল। যাত্রা পথে শহীদ নগর এলাকায় ওই যুবকরা কিশোরীকে সেখান থেকে জোর করে স্থানীয় একটি বাড়ির রান্না ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতা কিশোরীর মা বাদি হয়ে সদর মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেছেন।

About the author

SOFT PRO IT