নারী প্রধান খবর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ঘুষদাতার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঘুষদাতার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে ঘুষ নেবে শুধু সে অপরাধী নয়, যে দেবে সেও অপরাধী। যারা ঘুষদাতা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। ১৮ আগস্ট রবিবার সকালে প্রধানমন্ত্রী তার কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে পবিত্র ঈদুল আযহা পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতিতে যে ঘুষ নেবে শুধু সে অপরাধী নয়, যে দেবে সেও অপরাধী। এই জিনিসটা মাথায় রাখতে হবে। সে ভাবেই ব্যবস্থা নেওয়া দরকার। আর এটি করতে পারলে আমাদের অনেক কাজ দ্রুত হবে।

তিনি আরো বলেন, সম্পদের মোহে মানুষ অন্ধ হয়ে যায়, সে ভুলে যায় একদিন তারও মৃত্যুবরণ করতে হবে। মনে রাখতে হবে- মরে গেলে কিছু সঙ্গে নেওয়া যাবে না। যা রেখে যাবে সেটা আর কোনো দিন কাজে লাগবে না। আর যদি বেশি রেখে যায় তবে সন্তানদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়। এসব নিয়ে মারামারি কাটাকাটি শুরু হয়ে যায়। এখন এগুলো খুব বেশি দেখা যায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সম্পদের পেছনে এই অন্ধের মত ছুটে বেড়ানো আর নিজের সবকিছু নষ্ট করার কী অর্থ থাকে? কার কত আয়, তা বুঝে ব্যয়, জীবনটা সবার ভালোভাবে চলুক সেটা আমরা চাই।

কিন্তু সঙ্গে সঙ্গে এই বিষয়টা সামনে নিয়ে আসা দরকার- যে ঘুষ দেবে সেও যেমন দোষী, যে নেবে সে দোষী। এভাবে যদি আমরা ব্যবস্থা নিতে পারি, এটা নিয়ন্ত্রণ করতে পারি তবে আমাদের অনেক কাজ দ্রুত করা সম্ভব হবে।

এ সময় দুর্নীতি দমন কমিশন (দুদক) যথেষ্ট সক্রিয় আছে বলেও জানান প্রধানমন্ত্রী। কে কত খরচ করলো তারও একটা হিসাব নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সচিবসহ তার কার্যালয়ের কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT