নারী বিনোদন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অভিনেত্রী বিদ্যা সিনহা আর নেই

অভিনেত্রী বিদ্যা সিনহা আর নেই
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা (৭১) না ফেরার দেশে চলে গেলেন। ১৫ আগস্ট বৃহস্পতিবার দুপুরে মুম্বইয়ের একটি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, গত বৃহস্পতিবার মুম্বাইয়ের জুহুর একটি হাসপাতালে ভর্তি করা হয় বিদ্যা সিনহাকে। ভর্তির সময় তার ফুসফুস ও হৃৎপিণ্ডের বেশ কিছু সমস্যা ছিল বলে জানা যায়।

মাত্র ১৮ বছর বয়সে মডেলিং ও অভিনয়ে ক্যারিয়ার গড়তে পথচলা শুরু করেন বিদ্যা সিনহা। রজনীগন্ধা ও ছোটি সি বাত ছবিতে অভিনয় করে মানুষের মন জয় করে নিয়েছিলেন বিদ্যা। দীর্ঘদিন বিরতির পর সালমান খানের বডিগার্ড ছবিতে দেখা গিয়েছিলো তাকে। এছাড়া একতা কাপুরের কাব্যঞ্জলি (২০০৬) ধারাবাহিকে কাজ করে বিদ্যা তুমুল জনপ্রিয় হয়েছিলেন।

১৯৬৮ সালে প্রতিবেশী যুবক ভেঙ্কটেশ্বরন আইয়ারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিদ্যা। বিয়ের পর এক কন্যা সন্তানকে দত্তক নেন তিনি। ১৯৯৬ সালে মৃত্যু হয় বিদ্যা সিনহার প্রথম স্বামীর।

প্রথম স্বামীর মৃত্যুর পর নেতাজি ভীমরাও নামে অন্য এক ব্যক্তিকে বিয়ে করেন বলিউডের এই অভিনেত্রী। কিন্তু ২০০৯ সালে ভীমরাওয়ের বিরুদ্ধে গৃহনির্যাতনের অভিযোগ দায়ের করেন বিদ্যা সিনহা। ফলে দ্বিতীয় বিয়েও বেশি দিন স্থায়ী হয়নি।

About the author

SOFT PRO IT