নারী রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জের জঙ্গী তরুণীর অস্ট্রেলিয়ায় ৪২ বছরের জেল

না.গঞ্জের জঙ্গী তরুণীর অস্ট্রেলিয়ায় ৪২ বছরের জেল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অস্ট্রেলিয়ায় রূপগঞ্জের তরুণী মোমেনা সোমার ৪২ বছরে কারাদণ্ড দেওয়া হয়েছে। ইসলামিক স্টেটের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মেলবোর্নে আশ্রয়দাতাকে হত্যার চেষ্টা চালিয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া স্টেট সুপ্রিম কোর্ট বুধবার (৬ জুন) সোমার এই দণ্ডাদেশ ঘোষণা করেন। মামলার শুনানিতে অস্ট্রেলিয়া প্রবাসী মালয়েশীয় রজার সিনগারালেভুকে হত্যার উদ্দেশ্যে ছুরি নিয়ে হামলার কথা স্বীকার করেন সোমা।

রায়ে বিচারক লেসলি টেইলর জানান, ৪২ বছর সাজার মধ্যে ৩১ বছর ৬ মাসের মধ্যে কোনো ধরনের প্যারোল সুবিধা পাবেন না ২৬ বছর বয়সি সোমা। তার মানে, টানা ৩১ বছর ৬ মাস জেলেই থাকতে হবে তাকে।

আদালতে সরকারি কৌঁসুলিরা জানান,  ২০১৩ সালে ঢাকায় থাকার সময় প্রথম জঙ্গিবাদে আকৃষ্ট হন সোমা। এরপর ইসলামিক স্টেটের আদর্শে উদ্বুদ্ধ হয়ে অমুসলিমদের হত্যার বিষয়টি তার মাথায় আসে।

অস্ট্রেলিয়ায় আসার আগে আইএসের হয়ে যুদ্ধে যোগ দিতে সিরিয়ায় যেতে চেয়েছিলেন সোমা। সে লক্ষ্যে পড়াশোনার নামে তুরস্কে যাওয়ার চেষ্টা চালিয়েও ব্যর্থ হন । এরপর লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার বৃত্তি নিয়ে স্টুডেন্ট ভিসায় ২০১৮ সালের ১  ফেব্রুয়ারি মেলবোর্ন শহরে যান সোমা।

মামলার শুনানিতে বলা হয়, মেলবোর্নে এসে সোমা প্রথমে (হোমস্টে সার্ভিসের) মাধ্যমে একটি অস্ট্রেলীয় পরিবারের সঙ্গে থাকতে শুরু করেন এবং তাঁদের ওপর হামলার পরিকল্পনা করেন। ৩  ফেব্রুয়ারি হামলার জন্য নাইট গগলস কিনে আনেন। এর তিনদিন পর বাড়ির ম্যাট্রেসে ছুরি দিয়ে আঘাত করে হামলার মহড়া দেন সোমা।

তখন ম্যাট্রেসের কাটাছেঁড়ার এমন কাড়ুর কথা ওই পরিবারের সদস্যরা হোম সার্ভিসকে জানালে তারা সোমাকে সিনগারালেভুর বাসায় স্থানান্তর করে। নতুন বাসায় ওঠার তিনদিনের মাথায় তিনি সিনগারালেভুর উপর ছুরি নিয়ে হামলা চালান। হামলার সময় সোমা (আল্লাহু আকবর) ধ্বনি দিয়েছিলেন বলে শুনানিতে জানা যায়।

আপনার কর্মকাণ্ড ও বিভিন্ন কথাবার্তা চরম হতাশাজনক, সাজার রায় শুনিয়ে সোমাকে বলেছেন বিচারক লেসলি টেইলর। সোমার কীর্তি, পুরো অস্ট্রেলীয় সমাজে ভীতির তরঙ্গ ছড়িয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন বিচারক।

মোমেনার গ্রামের বাড়ি রূপগঞ্জে। তার বাবা মনিরুজ্জামান একটি লাইফ ইন্সুরেন্স কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তবে তিনি এখন অসুস্থ বলে জানা গেছে। বর্তমানে মনিরুজ্জামান তার ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.আব্দুল আজিজের বাসায় বসবাস করছেন।

About the author

SOFT PRO IT