নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জে অনেক চাপের মধ্যে কাজ করতে হয় : ডিসি

না.গঞ্জে অনেক চাপের মধ্যে কাজ করতে হয় : ডিসি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেছেন, নারায়নগঞ্জে অনেক চাপের মধ্যে কাজ করতে হয়। তবে এ চাপ আমি অনুভব করি না। কারণ আমি চেষ্টা করি সবাইকে সাথে নিয়ে কাজ করতে। যে কারণে কোন চাপকে চাপ মনে হয় না। তিনি বলেন, আমরা যে যেখানেই কাজ করি না কেন, সেখানে আন্তরিকতা নিয়ে কাজ করলে নিজের লক্ষ্যে পৌছনো যায়। তবে সব ক্ষেত্রেই আমাদের দক্ষতা অর্জন করতে হবে।

ডিসি বলেন, আমি এ জেলায় তিনবার কাজ করার সুযোগ পেয়েছি। আমাদের শিক্ষার কোন শেষ নেই। আমি আমার ছাত্র জীবনে সব সময় একাগ্রতার সাথে পড়াশুনা করেছি। যে জন্য আমি সমাজ এবং দেশের জন্য কাজ করতে পারছি। তাই আপনাদের ও জানতে হবে। শিখতে হবে। তিনি বলেন, প্রশিক্ষনের মধ্য দিয়ে যে জ্ঞান অর্জন হয়েছে তা আপনারা কর্মজীবনে প্রয়োগ করবেন এটাই আমাদের প্রত্যাশা থাকবে।

সোমবার (২০ মে) দুপুরে পিআইবির সহযোগিতায় জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) আয়োজিত সাংবাদিকদের প্রশিক্ষন কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অংশ গ্রহনকারীদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিন দিন ব্যাপী এ কর্মশালা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের হানিফ খান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এনইউজের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লাইভটিভি২৪ এর প্রধান সম্পাদক আনোয়ার হক, দৈনিক সংবাদের চীফ রিপোর্টার সালাম জুবায়ের, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শামীম, এনইউজের সাবেক সভাপতি নাফিজ আশরাফ।

তিন দিনের এ প্রশিক্ষন কর্মশালায় নারায়নগঞ্জে কর্মরত ৪১জন সাংবাদিক অংশগ্রহণ করে। এ কর্মশালায় প্রশিক্ষন প্রদান করেন, পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ, মাছরাঙ্গা টিভির বিশেষ প্রতিনিধি বদরুদোজা বাবু, চ্যানেল আই এর সিনিয়র বার্তা প্রধান মীর মাশরুর জামান, ডিবিসি নিউজের ব্রডকাস্ট ম্যানেজার শরিফুল ইসলাম শিমুল, লাইভটিভি২৪ এর প্রধান সম্পাদক আনোয়ার হক ও দৈনিক সংবাদের চীফ রিপোর্টর সালাম জুবায়ের।

রাব্বী মিয়া আরও বলেন, আমাদের সব ক্ষেত্রে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। শুধু কর্মক্ষেত্রে নয় পারিবারিক জীবনেও আমাদের শ্রদ্ধাবোধ থাকতে হবে।

About the author

SOFT PRO IT