রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রহস্যময় বাড়ির সন্ধান, জাল টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক-৩

রহস্যময় বাড়ির সন্ধান, জাল টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক-৩
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুপগঞ্জ সংবাদদাতা ) : রূপগঞ্জে তারাব পৌরসভার বরপা শান্তিনগর এলাকায় রহস্যময় বাড়ির সন্ধান পেয়েছে পুলিশ। পুলিশ অভিযান চালিয়ে বাড়ি থেকে ২৭ হাজার জাল টাকা, ৭০ টি মোবাইল, দেশীয় অস্ত্র, পাসপোর্ট, স্বর্ণলংকার ও ১৫০ কোটি মূল্যমানের ষ্ট্যাম্প উদ্ধার করে। এসময় বাড়ির মালিক প্রতারক দম্পত্তি ও কেয়ারটেকারকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে এ ঘটনা ঘটে। রহস্যময় বাড়ির সন্ধানের খবর ছড়িয়ে পড়লে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সাত রিমান্ড চেয়ে আসামীদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক মঞ্জুর রহমান জানান, তাদের কাছে সংবাদ ছিলো বরপা শান্তিনগর এলাকায় পাঁচতলা ভবনে দীর্ঘদিন ধরে মো. নুরুল আবসার চৌধুরী ও সাবিনা ইয়াসমিন চৌধুরি ওরফে সাবিনা আক্তার দম্পত্তি বসবাস করে আসছে। এ বাড়িতে প্রবেশ করতে তিনটি ফটক পেরুতে হয়। বাড়ির বাহিরে রয়েছে সিসি ক্যামেরা। তাদের বিরুদ্ধে প্রতারণার দায়ে রয়েছে অসংখ্য মামলা। এসবের ভিত্তিতে রোববার রাতে তার নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক শামীম আল মামুন, আশরাফ আলী, মনিরুজ্জামান ও নুরে আলম সিদ্দীকিসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাবিনা ইয়াসমিন দেশী অস্ত্র নিয়ে পুলিশের উপড় চড়াও হয়। পরে পুলিশ কৌশলে তাকে আটক করে। এসময় তাকে ছাড়াতে তার স্বামী নুরুল আবসার চৌধুরী এগিয়ে আসলে পুলিশ তাকেও আটক করে। পরে বাড়িতে অভিযান চালিয়ে ২৭ হাজার জাল টাকা, নগদ ৭৩ হাজার টাকা, বিভিন্ন কম্পানীর ৭০ টি মোবাইল, ২ টি রামদা, ৩ টি ছুরি, একটি চাপাতি, ৪ টি পাসপোর্ট, ৫টি অটো সিল,  ৪ টি পেনড্রাইভ, ২১ ভরি স্বর্ণলংকার ও কম্পিউটারের সিপিইউ উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়ার সময় বাড়ির কেয়ারটেকার বরপা শান্তিনগর এলাকার আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে সাদ্দাম হোসেনকে আটক করেছে পুলিশ।

রূপগঞ্জ থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হক বলেন, রহস্যময় বাড়ি কিনা জানিনা। তবে তদন্ত চলছে। আপাতত তাদের বিরুদ্ধে অস্ত্র, জাল টাকা ও অবৈধ পাসপোর্ট রাখার দায়ে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT