রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

গাছের সঙ্গে শত্রুতা

“ গাছের সঙ্গে শত্রুতা ”
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষকের তিন বিঘা জমির পেঁপে ও লাউ গাছ কেটে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদ করায় প্রতিপক্ষের সন্ত্রাসীরা কৃষকের পরিবারের দুই জনকে পিটিয়ে আহত করে। ২৮ নভেম্বর বুধবার রাতে দক্ষিণবাগ বেলেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

শুক্কুর আলী থানায় দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা যায়, দক্ষিণবাগ বেলেরটেক এলাকায় (পূর্বাচল উপশহরের ৩ নং সেক্টর) তিন বিঘা জমিতে পেঁপে ও লাউয়ের চাষ করে। শুক্কুর আলীর সঙ্গে একই এলাকার জাকির হোসেন, রানা, নূরা মিয়া, আনোয়ার হোসেন, জয়নাল মিয়ার জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। গত বুধবার রাতে নূরা মিয়ার সঙ্গে শুক্কুর আলী তর্কবিতর্ক হয়। এর জের ধরে রাতে প্রতিপক্ষ জাকির হোসেন, রানা, নূরা মিয়া, আনোয়ার হোসেন, জয়নাল মিয়াসহ অজ্ঞাত ২/৩ জন দেশীয় ও ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে শুক্কুর পেঁপে ও লাউ গাছ কেটে ফেলে। এসময় শুক্কুর আলীর ছেলে শফিকুল ইসলাম বাঁধা দিলে তাকে কুপিয়ে জখম করে।

এ সময় শফিকুলের ডাকচিৎকারে প্রতিবেশী জুলহাস মিয়া বাচাঁতে এগিয়ে আসলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

About the author

SOFT PRO IT