রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রুপগঞ্জে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

গুলিবিদ্ধ লাশ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রূপগঞ্জে আবুল হোসেন (৪০) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, সে ডাকাত দলের সদস্য এবং ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে গোলাগুলিতে সে নিহত হয়েছে।

শনিবার (২০ অক্টোবর) ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের টেংগারটেক এলাকায় লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।

রূপগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, রাতে ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জের ধরে ডাকাতদের মধ্যে গোলাগুলি হয়। এসময় আবুল হোসেন মাথায় গুলিবিদ্ধ হয়ে সেখানে পড়ে কাতরাতে থাকে। সকালে স্থানীয়রা দেখতে পেয়ে থানা পুলিশকে জানায়। পরে পুলিশ তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। পরে ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ সদরের ১শ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে পুলিশ ১টি ওয়ান শ্যূটার গান, ১ রাউন্ড গুলি ও ১টি চাপাতি উদ্ধার করেছে।

তিনি জানান, নিহত আবুল হোসেন সোনারগাঁ উপজেলার দক্ষিণপাড়া এলাকার সোনা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ১টি হত্যাসহ ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের অভিযোগে জেলার বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে।

About the author

SOFT PRO IT