বিনোদন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রাত ১০টার খবর পড়লেন চঞ্চল চৌধুরী ও জয়া আহসান

রাত ১০টার খবর পড়লেন চঞ্চল চৌধুরী ও জয়া আহসান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : সিনেমা মুক্তির আগে দেখা গেল অভিনব এক কৌশল। শুক্রবার মুক্তির অপেক্ষায় থাকা (দেবী) সিনেমা প্রচারের জন্য খবর পড়লেন চঞ্চল চৌধুরী ও জয়া আহসান। বুধবার (১৭ অক্টোবর) রাত ১০টায় একটি টেলিভিশনের পর্দায় দর্শকরা খবর দেখার জন্য বসলে হঠাৎ করেই দেখা যায় চঞ্চল চৌধুরী ও জয়া আহসানকে।

রাত ১০টার ওই টেলিভিশনে সংবাদের পুরোটা সময় খুব সাবলীলভাবে পেশাদার সংবাদ পাঠকের মতোই তারা সংবাদ পরিবেশন করেন। জানা যায়, ওই বেসরকারি টেলিভিশনটি (দেবী) চলচ্চিত্রের সম্প্রচার সহযোগী, এ কারণে দর্শকদের নতুন চমক দেখানোর জন্যই সরাসরি সংবাদ পরিবেশন করেন জয়া আহসান ও চঞ্চল চৌধুরী।

চঞ্চল চৌধুরী কিংবা জয়া আহসানকে দেখে একবারের জন্যও মনে হয়নি তারা পেশাদার সংবাদ-পাঠক নন।

এ প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‌‌‌‌‌‌আমাদের মার্কেটিং কনসালটেন্টের পরিকল্পনা অনুযায়ীই আমরা সবাই মিলে সংবাদপাঠের বিষয়টি চূড়ান্ত করি। টেলিভিশনের সংবাদ বিভাগের দল বেশ গোছানো। আমাকে কোনো ধরনের দুশ্চিন্তাই করতে হয়নি। তাছাড়া বরাবরই আমি বিশ্বাস করে এসেছি সংবাদকক্ষের এ জায়গাটি বেশ সম্মানের, বেশ পবিত্র। তাই যেনতেন ভাবে সংবাদ পড়তে চাইনি। যথেষ্ট মানসিক প্রস্তুতি নিয়েই নিউজরুমে গিয়েছি।

চঞ্চল চৌধুরী বলেন, সংবাদপাঠের পরিকল্পনাটি বেশ অভিনব। কারণ চলচ্চিত্র প্রচারণার জন্য প্রচলিত মাধ্যমগুলোর পাশাপাশি সংবাদ পাঠের বিষয়টি আমার নিজেরও কখনো মাথায় আসেনি। সংবাদকর্মীরা দায়িত্বশীলতার সাথে জনগণের জন্য প্রতিনিয়ত সংবাদ তৈরি করেন, সংবাদ পাঠকরাও সে দায়িত্ব থেকে নিজেদের আসনে বসে ক্যামেরায় চোখ রেখে সংবাদ পড়েন। এতদিন বিষয়গুলো দেখে এসেছি, এবার স্বশরীরে অনুধাবন করলাম। এই অভিজ্ঞতা কখনো ভুলবার নয়। টেলিভিশনের সংবাদ বিভাগকে এ কারণে বিশেষ ভাবে ধন্যবাদ।

About the author

SOFT PRO IT