নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান বলেছেন, দিন দিন যখন শহরে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তখন শহরের অলিগলিতে ডিভাইডার বসানো হচ্ছে। নারায়ণগঞ্জ কলেজ আর নারায়ণগঞ্জ হাইস্কুলের সামনে ডিভাইডার বসানো হয়েছে। এতে যানজট আরো বৃদ্ধি হয়েছে। কি কারনে এমন করা হচ্ছে জানতে চাইলে বলা হয় মেগাপ্রজেক্ট। সিটি কর্পোরেশন এলাকায় নাগরিকদের সুযোগ সুবিধার সকল দায়িত্ব সিটি কর্পোরেশনের উপর। সেখানে অন্য কোন জনপ্রতিনিধি বা প্রশাসনকি কর্মকর্তা কাজ করতে গেলে এনওসি প্রয়োজন হয়। কিন্তু আমরা সিটি কর্পোরেশন থেকে তেমন কোন সহযোগীতাই পাচ্ছি না।
গতকাল বেলা ১২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ নীতি র্নিধারনী ফোরাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। সভায় আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা সংসদ সদস্যদের মধ্যে এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী। এসময় জেলা পুলিশ সুপার আনিসুর রহমান অপরাধ দমনে পুলিশ জিরো ট্রলারেন্স ভূমিকা রাখার প্রস্তাব উপস্থাপন করেন। পুলিশ সুপারের এমন প্রস্তাবে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিঞা সহ উপস্থিত সকলেই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন।
সেলিম ওসমান বলেন, নগরীতে যানজট নিরসন করা কিভাবে সম্ভব হবে। ২০১৭ সালের ডিসেম্বর মাসে খিস্ট্রানদের বড়দিনের উৎসবের দিন পূর্বের পুলিশ সুপার মাত্র কয়েক ঘন্টার মধ্যে শহরের সমস্ত ফুটপাত দখল মুক্ত করে দেন। পরবর্তীতে এমন প্রশংসনীয় কাজের ক্রেডিট অন্য কেউ নেওয়ার চেষ্টা করে। মানবিক দিক বিবেচনায় আমিও নিদিষ্ট সময় পর্যন্ত হকারদের বসতে সুযোগ দেওয়ার কথা বলেছিলাম। তখন অনেকেই এটা নিয়ে রাজনীতি করতে এসেছিল। কিন্তু এখন আর এ বিষয়ে কেউ কোন কথা বলেন না।
সংসদ সদস্য সেলিম ওসমান নগরীর যানজট নিরসন, ফুটপাতে অবৈধ দখল সহ বিভিন্ন বিষয়ের উপর তার পরমার্শ মূলক বক্তব্য উপস্থাপন করেন। যার মধ্যে শারদীয় দূর্গা উৎসব উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং পূজার সময় দর্শনার্থীরা যাতে নিবিগ্নে মন্ডপ পরিদর্শন করতে পারে সেজন্য সন্ধ্যার পর নগরীতে রিকশা সহ যান চলাচলের ব্যাপারে বিশেষ ব্যবস্থা গ্রহনের পরামর্শ প্রদান করেন।
জেলা প্রশাসক রাব্বি মিঞার সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের নারী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, জেলা পুলিশ সুপার আনিসুর রহমান বিপিএম, পিপিএম (বার), জেলা সিভিল সার্জন এহসানুল হক, সদর উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বীনা, বন্দর উপজেলার নির্বার্হী কর্মকর্তা পিন্টু ব্যাপারী, জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, চেয়ারম্যান মোশারফ ওমর সহ অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।



