নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম (প্রশাসন) বলেছেন, অনেকেই বলেন, আমরা মাদক সেবীদের আটক করি, মাদক ব্যবসায়ীদের নয়। এটা সত্য নয়। যারা আজ মাদক সেবন করছে তারাই আগামীতে ব্যবসায়ী হবে। মাদক সমস্যা রাতারাতি সমাধান করা যাবে না। ১১আগস্ট শনিবার দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গনে আয়োজিত সদর থানার উন্মুক্ত দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মাদক থেকে কেউ মুক্ত নয়। অনেকেই বলে মাদকের সঙ্গে পুলিশ জড়িত। আমরা অস্বীকার করছি না। পুলিশও মাদক থেকে মুক্ত নয়। আমাদের এক এএসআই আনিস, তার বিরুদ্ধে মামলা হয়েছে, সে জেলে আছে। অনেক পুলিশ সদস্য রয়েছে যারা মাদক আসক্ত। ২/৪ মাস তাদের সুযোগ দেয়া হয়। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি আমরা।
সদর মডেল থানা পরিদর্শক (তদন্ত) আব্দুল রাজ্জাকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( সার্কেল-ক ) মেহেদী ইমরান সিদ্দিকী, সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম, পরিদর্শক (অপারশেন) জয়নাল আবেদীন, নারায়ণগঞ্জ কমিউনিটি পুলিশ মহানগর কমিটির সভাপতি সোলেমান, সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম।
অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল বলেন, আমরা যাদেরকে সার্ভিস দেই তারা আমাদের উপর সস্তুষ্ট নন। তবু শত অভিযোগ, অসন্তুষ্টতা নিয়েই আমরা কাজ করছি। বাংলাদেশে অনেক সরকারি সংস্থা রয়েছে।
নারায়ণগঞ্জের ট্রাফিক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের কোনো ট্রাফিক ডাম্পিং গ্রাউন্ড নেই। আমি আজ ২০০ অবৈধ রিকশা আটক করলাম কিন্তু সেগুলো রাখবো কোথায়? বাইরে রাখলে বিভিন্ন পার্স চুরি যায় তার জবাবদিহি কে করবে? আশার কথা হচ্ছে দ্রুত ট্রাফিক ডাম্পিং গ্রাউন্ড তৈরি হচ্ছে।
আরো উপস্থিত ছিলেন, আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতি, নাসিক ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর শফিউদ্দিন প্রমুখ।



