বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

প্রধান শিক্ষক শ্যামল কান্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (আদালত প্রতিনিধি) : ঘুষ গ্রহণের মামলায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন আদালত।পুলিশের দেয়া অভিযোগপত্র আমলে নিয়ে বুধবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালত ওই পরোয়ানা জারি করেন। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কল্যাণদীতে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক মোর্শেদা বেগম এ মামলার বাদী।

মোর্শেদা বেগমের অভিযোগ, এমপিওভুক্ত করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা ঘুষ নেন প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত। টাকা ফেরত চাইলে তা দিতেও অস্বীকার করেন তিনি।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম জানান, ঘুষ গ্রহণের মামলায় বুধবার শুনানির দিন ছিল। শুনানি শেষে আদালত শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বন্দর থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ গত ১৭ এপ্রিল শ্যামল কান্তি ভক্তকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

উল্লেখ্য, ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে গত বছরের ১৩ মে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ওই স্কুলটির প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছনার ঘটনা ঘটে।

About the author

SOFT PRO IT