বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কুকুরের উপদ্রবে অতীষ্ট জনজীবন

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরের মদনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দেওয়ানবাগ, ৪নং ওয়ার্ডের কলাবাড়ি ও ছোটবাগ, ৫নং ওয়ার্ডের মদনপুর স্ট্যান্ড ও চাঁনপুর সহ আশেপাশের এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় এসব কুকুরের অবাধ বিচরণ নিয়ে জনমনে শংকার সৃষ্টি হয়েছে। বিশেষ করে, জলাতংক রোগে আক্রান্ত হওয়ার ভয়ে স্কুলগামী শিশুদের নিয়ে উদ্বিগ্ন অভিভাবক মহল। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার তত্বাবধানে দীর্ঘদিন বেওয়ারিশ কুকুর নিধনের কার্যক্রম বন্ধ থাকায় কুকুরের উপদ্রব বেড়ে গেছে বলে দাবী স্থানীয়দের।

এলাকাবাসীর পক্ষ থেকে দেওয়ানবাগ এলাকার দলিল লিখক এস এম সোলায়মান গণমাধ্যমকে জানান, বাড়ির আঙ্গিনায়, দোকানপাটে, বাড়ি থেকে বের হওয়ার পথে, লোকালয়ে ও বাজারে যে কোন সময় কুকুর কর্তৃক আক্রান্ত হওয়ার ভয়ে উদ্বেগ, উৎকণ্ঠা নিয়ে আমরা চলাফেরা করছি। রাতে দল বেধে অনেকগুলো কুকুর একসাথে জড়ো হয়ে বাড়ির আঙ্গিনায় ও রাস্তায় দৌড়াদৌড়ি করে এবং তাদের ঘেউ ঘেউ শব্দে প্রায় সময়ই বাসায় ঠিকমত ঘুমানো যায়না। শিশু ও বয়োজৈষ্ঠরা কুকুরের আওয়াজে নির্ঘুম রাত কাটাচ্ছে। শিশুরা ভয় নিয়ে স্কুল ও মাদ্রাসায় গমন করছে। শিশুদের হাতে কিছু খাবার দেখলেই তাদের পিছু নিচ্ছে এবং লাফ দিয়ে খাবার কেড়ে নেবার দৃশ্যও প্রায় দেখা যায়। কুকুরের ভয়ে অত্র এলাকার কয়েকটি শিশু স্কুলে যেতে চাচ্ছেনা বলেও জানা গেছে।

এ বিষয়ে মদনপুর ইউপির ৩নং ওয়ার্ড মেম্বার তাজুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, অভিযোগটি সত্য। আমার কাছে কয়েকজন এ বিষয়ে অভিযোগ করেছেন। আমরা অতিসত্তর বিষয়টি বন্দর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তাকে অবহিত করব, যাতে তিনি একটি কার্যকর ব্যবস্থা নেন।

উল্লেখ্য বিগত সময়গুলোতে উপজেলা প্রশাসন কর্তৃক জলাতঙ্ক রোগ প্রতিরোধের জন্য জনাকীর্ণ জায়গাগুলোতে কুকুরের দেহে রেবিস বা জলাতঙ্ক প্রজনন নিষ্ক্রিয় করণের লক্ষ্যে অভিযান চলতে দেখা গেলেও, বর্তমানে না দেখায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল এবং মদনপুর সহ আশপাশের এলাকাগুলো থেকে বেওয়ারিশ কুকুর সরিয়ে নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা ।

About the author

SOFT PRO IT