খেলা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

হায়দরাবাদে বাংলাদেশের তাসকিনের ঝড়- ২ উইকেট হারিয়েছে ভারত

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : হায়দরাবাদে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সেই তাসকিনের ঝড়ে উইকেট হারিয়েছে ভারত। চতুর্থ ওভারে তাসকিনের বাইরের বল খেলতে গিয়ে মুশফিককে ক্যাচ দিয়ে ফেরেন মুরালি বিজয়। এই ওপেনার ফেরেন ৭ রানে। এক ওভার পর ফের আঘাত হানেন এই পেসার। এবার ফেরেন আরেক ওপেনার লোকেশ রাহুল।  খোঁচা দিতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন রাহুল (১০)।

দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ ২ উইকেটে ২৩ রান।  স্বাগতিকদের লিড ৩২২।  প্রথম ইনিংসেও প্রথম উইকেটটি তুলেছিলেন তাসকিন আহমেদ।

এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৩৮৮ রানে। ফলে বাংলাদেশের চেয়ে ২৯৯ রানে এগিয়ে থাকে ভারত। যদিও বাংলাদেশকে আর ফলোঅন করায়নি স্বাগতিকরা।

এর আগে ফলঅন এড়াতে ভালোই জবাব দিচ্ছিলেন মুশফিকুর রহিম। সকালে খেলতে নেমেই প্রথম সেশনে ‍৪ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। হাফসেঞ্চুরিয়ান মিরাজের পর ফিরে গেছেন তাইজুল। এরপর ফিরেছেন তাসকিন। যদিও একপ্রান্তে আগলে প্রতিরোধ দেওয়ার চেষ্টা করেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি করেছেন মুশফিক। শেষ দিকে ফেরেন ১২৭ রানে। অশ্বিনের বলে সাহাকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

শুরুতে হায়দরাবাদে চতুর্থ দিনে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ভুবনেশ্বর কুমারের ওভারের চতুর্থ বলেই একেবারে পরাস্ত হয়ে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ৫১ রানে ব্যাট করতে থাকা মেহেদী হাসান। কুমারের লেট ইনসুইংয়ে পায়ের কাজটা ঠিকমতো করতে পারেননি। ফলে ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে বল আঘাত হানে স্টাম্পে।

এরফলে ভেঙে যায় সপ্তম উইকেটে গড়া গুরুত্বপূর্ণ দ্বিতীয় সর্বোচ্চ ৮৭ রানের জুটি। অবশ্য পঞ্চম বলেই লেগ বিফোরের আবেদন করে বসে ভারত। রিভিউ নেয় তাতে। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত আম্পায়ারের নট আউট সিদ্ধান্তই টিকে থাকে।

এরপর ফেরেন তাইজুলও। উমেশ যাদবের শর্ট বলে বসে পড়েছিলেন। কিন্তু বলটি গ্লাভসে লেগে জমা পড়ে উইকেটকিপারের হাতে। এর আগে ১০ রানে ব্যাট করছিলেন তিনি। এই জুটিতে আসে ১৭ রান। এরপরই তাসকিনের সঙ্গে গুরুত্বপূর্ণ ৩৯ রানের জুটি গড়েন মুশফিক। মুশফিক সেঞ্চুরি তুললেও বেশিক্ষণ তাকে আর সঙ্গ দিতে পারেননি তাসকিন। ৮ রানে ব্যাট করতে থাকা এই পেসারকে রাহানের তালুবন্দী করেন জাদেজা। শেষ দিকে দ্রুত রানের যোগান দিয়ে মুশফিক ১২৩ রানে ফিরলে ৩৮৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

ভারতের পক্ষে দুটি করে উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন ও জাদেজা। ৩টি নেন উমেশ যাদব। একটি করে উইকেট নেন ইশান্ত শর্মা ও ভুবনেশ্বর কুমার।

About the author

SOFT PRO IT