নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন রাজউক কর্তৃপক্ষ। রোববার দুপুর থেকে পূর্বাচলের ২২ নম্বর সেক্টরে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন।
ভোলাব তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সেলিম আহাম্মেদ জানান, পূর্বাচল উপশহরের বিভিন্ন সেক্টরে অবৈধ ভাবে বসতবাড়ি, সবজি চাষসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে স্থানীয় বাসিন্দারা ভোগদখল করে আসছেন। অবৈধ দখলদারদের বার বার নোটিশ করলেও তারা তাদের অবৈধ স্থাপনা সরাচ্ছেননা। বেশ কয়েকটি পরিবার এ এলাকায় অবৈধ ভাবে বসবাস করে আসছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিপুল পরিমান পুলিশ সদস্যর উপস্থিতিতে ২২ নম্বর সেক্টরে অভিযান শুরু করা হয়। এ অভিযান বিকেল ৫টা পর্যন্ত চলবে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, তারা জমি খালি থাকার কারনে সবজি খেত করে এলাকাসহ আশ-পাশের এলাকা গুলোর মানুষের চাহিদা মেটানো হয়ে থাকে। খেত দেখভাল করতে এখানে বসবাস করতে হচ্ছে। কোন প্রকার নোটিশ ছাড়াই রাজউক কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান পরিচালনা করে সবজি খেতসহ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেন। এতে করে তাদের খোলা আকাশের নিচে বসবাস করতে হবে।

