নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, কোনো ব্যক্তির প্রতি মব জাস্টিস করা যাবে না। মব জাস্টিসকে বিএনপি প্রশ্রয় দেয় না এবং এর সাথে মহানগর বিএনপির কোনো সম্পর্ক নেই। যারা মব জাস্টিস করে, তারা দেশের শত্রু, সমাজের শত্রু, আইনের শত্রু। তাদের দলে কোনো জায়গা নেই।
সোমবার (৩০ জুন) বিকেলে ১৮নং ওয়ার্ড বিএনপির আয়োজনে প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপির দলে ভালো মানুষের স্থান হবে। ভালো ও উদার মনের মানুষকে নিয়েই আমরা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই। নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমে স্বৈরাচারী কোনো দলের যেন কোনো বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।”
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রসঙ্গে সাখাওয়াত হোসেন খান বলেন, “দীর্ঘ ১৬ বছর ধরে আমরা যে সংগ্রাম চালিয়ে যাচ্ছি, তার চূড়ান্ত পরিণতি ঘটেছে। দেশের মানুষ ফ্যাসিস্ট হাসিনা সরকারকে প্রত্যাখ্যান করেছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, যাদের দায়িত্ব একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। আমরা গত ১৫ বছর ধরে জনগণের ভোটাধিকার আদায়ের আন্দোলন করে যাচ্ছি। এখনো দেশি-বিদেশি নানা ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে নির্বাচন ও গণতন্ত্র থেকে পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমরা এই ষড়যন্ত্র রুখে দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবো এবং নারায়ণগঞ্জকে একটি সুন্দর শহর হিসেবে গড়ে তুলবো।”
বক্তব্যের এক পর্যায়ে তিনি নাম না করে মাসুদুজ্জামান মাসুদের উদ্দেশে বলেন, “তিনি বিএনপির কোনো সদস্য নন, এখন পর্যন্ত সদস্য হতে পারেননি। তিনি নিজেকে ‘মেইড ইন নারায়ণগঞ্জ’ দাবি করলেও বাস্তবে তিনি ‘মেইড ইন আওয়ামী লীগ’। তাঁর পিতা আওয়ামী লীগ করতেন, সেটা নারায়ণগঞ্জবাসী জানে। তিনি সেলিম ওসমানের দোসর ছিলেন।
১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজালাল সরদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আর ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন এবং সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা প্রমুখ।



