নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

২ মামলায় আইভীর জামিন নাকচ

২ মামলায় আইভীর জামিন নাকচ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দু’টি মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। বুধবার (২১ মে) দুপুরে শুনানি শেষে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হায়দার আলী এ আদেশ দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

গত ৯ মে সকালে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি আছেন সাবেক এ মেয়র।

আদালত সূত্রে জানা যায়, রিকশাচালক মো. তুহিন হত্যা এবং হকার নাদিমকে হত্যাচেষ্টার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দু’টি মামলায় আইভীর জামিন আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক উভয় আবেদন নামঞ্জুর করে দেন।

একইদিন জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলাটিতে জামিন আবেদন করা হয়। এ মামলায় আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের করা রিমাণ্ড আবেদনের শুনানি সম্পন্ন না হওয়ায় জামিন শুনানির জন্য আগামী ২৭ মে ধার্য করেন বিচারক।

মিনারুল হত্যা মামলায় রিমাণ্ড শুনানির তারিখ ২৫ মে ধার্য রয়েছে বলেও জানান পুলিশ পরিদর্শক কাইউম।

এর আগে, তুহিন ও নাদিমের ঘটনায় দায়ের করা মামলা দু’টিতে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখায় পুলিশ। গত ১৭ মে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল ইসলাম চৌধুরীর আদালতে পুলিশ এ আবেদন করে। কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন আইভী।

About the author

SOFT PRO IT