নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

হকার জুবায়ের হত্যা মামলা ৪ জনের মৃত্যুদণ্ড ২ জনের যাবজ্জীবন

হকার জুবায়ের হত্যা মামলা ৪ জনের মৃত্যুদণ্ড ২ জনের যাবজ্জীবন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে আলোচিত হকার জুবায়ের হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ মে) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া এ রায় ঘোষণা করেন। আসামি রাসেল হোসেন পলাতক থাকলেও বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ইকবাল হোসেন (৩৩), মো. স্বপন (৪৫), সায়মন ওরফে ইউনুস মিয়া (২২) এবং আনোয়ার হোসেন সানি (২৩)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, রাসেল হোসেন (২৩) ও হাসান আল মামুন (১৮)।

এ মামলায় হকার লীগ নেতা আসাদুল ইসলাম আসাদ এবং মহসিন বেপারি আদালত থেকে খালাস পেয়েছেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় দেন।

২০২১ সালের ১৪ অক্টোবর বিকেলে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে বলাকা পেট্রোল পাম্পের সামনে ফুটপাতে দোকান বসানো নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত হন হকার জুবায়ের। নিহত জুবায়ের ফতুল্লার উত্তর মাসদাইরের বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে।

জানা যায়, ওইদিন শহরের সাধু পৌলের গির্জার সামনে সাদেকের জুতার দোকানে কাজ করছিলেন জুবায়ের। ফুটপাতে দোকান বসানো নিয়ে হকার স্বপনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে স্বপন তাকে বলাকা পেট্রোল পাম্পের সামনে নিয়ে মারধর শুরু করে। পরে ইকবাল পাশের দোকান থেকে ধারালো ছুরি এনে জুবায়েরকে কুপিয়ে জখম করে। অন্যান্য আসামিরাও তাকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়।

স্থানীয়রা জুবায়েরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের পর জুবায়েরের মা মুক্তা বেগম বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ইকবালসহ আটজনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতপরিচয় আরও পাঁচজনকে আসামি করা হয়।

About the author

SOFT PRO IT