বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

বন্দরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের বন্দরে ট্রাক চাপায় আসাদ মিয়া (৫০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো তিন যাত্রী। রোববার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার বন্দর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত আসাদ মিয়া পুরান বন্দর এলাকার মৃত আমির হোসেনের ছেলে। তিনি মদনপুর টু মদনগঞ্জ রুটে অটোরিকশা চালাতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রী নিয়ে মদনপুর যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। এছাড়া অটোরিকশায় থাকা তিন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা দেওয়া হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়।

পরে নিহতের স্বজন ও বিক্ষুব্ধ জনতা গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে সড়েকের দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনা পর ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যায়। আসামিদের শনাক্ত করার কাজ চলছে। আর বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

About the author

SOFT PRO IT