ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় ঢাকা টেক্সটাইলের মালিকের বাড়িতে ডাকাতি

ফতুল্লায় ঢাকা টেক্সটাইলের মালিকের বাড়িতে ডাকাতি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লার সস্তাপুরে ঢাকা টেক্সটাইলের মালিক ব্যবসায়ী রেজাউল করিম মালার বাড়িতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রধারী মুখোশ পরিহিত ডাকাত দল জানালার গ্রীল কেটে বাসায় প্রবেশ করেন। এরপর ব্যবসায়ীর ছেলে ও ছেলের বৌয়ের হাত পা বেঁধে এলোপাথারী পিটিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে সাত লাখ টাকা ও ৪০ ভরি স্বর্নালংকার লুটে নেয়। ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় দু রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে।

বুধবার ভোর চারটার দিকে ফতুল্লার সস্তাপুর গাবতলা এলাকায় নিজ বাড়িতে এঘটনা ঘটে।

ঢাকা টেক্সটাইলের মালিক রেজাউল করিম মালা জানান, ভোর রাতে দোতলা বাড়ির পিছনের জানালার গ্রীল কেটে মুখোশধারী ৬ জন ডাকাত ঘরের ভিতরে প্রবেশ করে। ডাকাতদের একজনের হাতে পিস্তল ও অন্যদের হাতে ধারালো ছুরি ছিলো। এছাড়া ঘরের বাহিরেও ডাকাত দলের সদস্যরা দাঁড়িয়ে ছিল। প্রত্যেকের মুখে কাপড় বাঁধা ছিলো। ডাকাতরা প্রথমে ছোট ছেলে আলাউদ্দিনের কক্ষে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তাদের হাত পা বেধে ফেলে। তখন তারা চিৎকার দেয়ার চেষ্টা করলে ৬ জন ডাকাত এক সাথে আলাউদ্দিন ও তার স্ত্রীকে এলোপাথারী মারধর করে। তখন আলাউদ্দিনের স্ত্রী নাসরিন আক্তারের গলা ও আঙ্গুল থেকে পরনের অলংকার ও আলমারী থেকে আরো স্বর্নালংকারসহ ৪০ ভরি স্বর্নালংকার লুটে নেয়। এরপর বাসার নিচ তলায় নেমে ডাকাতরা আলমারী ভেঙ্গে নগদ সাত লাখ টাকা লুটে নিয়ে পালিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর আহত অবস্থায় আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিনকে শহরের খানপুর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

আলাউদ্দিন জানান, ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় দুটি গুলি করে ভয় দেখিয়ে যায়। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। কিছু আলামত ও সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে। জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

About the author

SOFT PRO IT