রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পূর্বাচলের লেকে যুবকের ৭ টুকরো লাশ

পূর্বাচলের লেকে যুবকের ৭ টুকরো লাশ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের একটি লেক থেকে তিনটি পলিথিন ব্যাগে মোড়ানো এক যুবকের সাত টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে কুড়িল-কাঞ্চন সড়কের উত্তর পাশে পূর্বাচলের ৫ নম্বর সেক্টর থেকে লাশের খন্ডাংশগুলো উদ্ধার করা হয় বলে জানান রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী। নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কাঞ্চন-কুড়িল সড়কের পাশে লেকের পানিতে হাত ধোয়ার সময় দুর্গন্ধ পান স্থানীয় এক রিকশাচালক। পরে তিনি স্থানীয় আরও কয়েকজনকে ডাক দিলে পলিথিনে মোড়ানো ব্যাগগুলো পান তারা। খবর পেয়ে পুলিশ এসে কালো রঙের তিনটি পৃথক পলিথিন ব্যাগে মরদেহের খন্ডাংশগুলো উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

ওসি লিয়াকত বলেন, ‘ওই যুবক অন্তত তিনদিন আগে মারা গেছেন বলে ধারণা করছি। হত্যার পর তার দেহের বিভিন্ন অংশ কেটে টুকরো করে পলিথিন ব্যাগে ভরে লেকে ফেলে দেওয়া হয়। তার শরীরের দু’টো অংশ এখনো পাওয়া যায়নি। আমরা যথাসম্ভব খুঁজেও পাইনি।

এদিকে, থানা পুলিশের পাশাপাশি ঘটনাস্থল থেকে সিআইডি ও পিবিআই’র পৃথক টিম আলামত সংগ্রহ করেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান রূপগঞ্জ থানার ওসি।

About the author

SOFT PRO IT