আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আড়াইহাজারে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কতৃপক্ষ। মঙ্গলবার (১ অক্টোবর) উপজেলার দুপ্তারা ইউনিয়নে চতুর্থবারের মতো অভিযান চালিয়ে এই অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে হাবিবা ফারজানার নেতৃত্বে দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দুপ্তারা ইউনিয়নের বাজবী ও তিনগাঁও এলাকার পাঁচটি স্পটে এই অভিযান পরিচালনা করে তিতাসের ভ্রাম্যমাণ আদালত।

এসময় চার কিলোমিটার বিস্তৃত দুই গ্রামের আটশ’ বাড়ির দেড় হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সাথে জব্দ করা হয় বিপুল পরিমান অবৈধ পাইপ ও রাইজার।

তিতাসের সোনারগাঁ জোনের ব্যবস্থাপক প্রকৌশলী আনোয়ারুল আজিম বলেন, অবৈধ সংযোগের নেপথ্যে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা ও দালাল চক্র জড়িত থাকায় আমরা দফায় দফায় অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলেও তা বন্ধ করা যাচ্ছে না। এই অবৈধ সংযোগগুলো ইতিপূর্বে গত কয়েক বছরে আরও তিনবার বিচ্ছিন্ন করা হলেও পুনরায় স্থাপন করা হয়েছে। বিষয়টি জানতে পেরে আবারও আমরা অভিযান চালিয়ে অবৈধ সংযোগগুলো চতুর্থবারের মতো বিচ্ছিন্ন করে দিয়েছি। তবে পুনরায় যাতে কেউ অবৈধ সংযোগ স্থাপন করতে না পারে তার জন্য তিতাসের মূল বিতরণ সংযোগ থেকে নেয়া অবৈধ সংযোগ স্থলগুলো স্থায়ীভাবে সীলগালা করে দেয়া হয়েছে।

আইনশৃংখলা বাহিনীর সহায়তায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে আরও উপস্থিত ছিলেন তিতাসের সোনারগাঁ জোনের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস শাখার ব্যবস্থাপক প্রকৌশলী এনামুল হক, উপব্যবস্থাপক প্রকৌশলী মো. রিফাত আব্দুল্লাহ ও উপব্যবস্থাপক প্রকৌশলী রিয়াজুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা।

About the author

SOFT PRO IT