সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সি‌দ্ধিরগ‌ঞ্জে হত্যা মামলায় হাসিনা-কাদের-শামীমসহ ৬২ জন আসামী

সি‌দ্ধিরগ‌ঞ্জে হত্যা মামলায় হাসিনা-কাদের-শামীমসহ ৬২ জন আসামী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা২৪ : নারায়ণগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ৬২ জনের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে৷

রোববার দিবাগত রাত ১২টার দিকে মোসা. শাহনাজ নামে এক নারী সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন৷ মামলার বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবি বক্কর সিদ্দিক নিশ্চিত করেছেন৷ তবে, এ মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি৷ বাদী শাহনাজ গত ২১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শিমরাইল এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত মাছ বিক্রেতা মো. মিলনের স্ত্রী৷ ওইদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে শিমরাইল পর্যন্ত আন্দোলনকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের লোকজনের দফায় দফায় সংঘর্ষ চলে। মিলন হত্যা মামলায় শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমানসহ তার অনুসারী

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে আসামি করা হয়েছে৷ আসামির তালিকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কয়েকজন কাউন্সিলরও রয়েছেন৷ নিহত মো. মিলন সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়াবাসায় থাকতেন৷ গত ২১ জুলাই দুপুর বারোটার দিকে শিমরাইল এলাকায় মাছের আড়ৎ থেকে বাসায় ফেরার পথে বুকে গুলিবিদ্ধ হন এ মাছ বিক্রেতা৷ পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়৷ মিলনকে পটুয়াখালীর দুমকিতে গ্রামের বাড়িতে দাফন করা হয়৷

মিলন হত্যা মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খানকে হুকুমের আসামি করা হয়েছে৷ তাদের নির্দেশে শামীম ওসমানসহ আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাথারি গুলি করলে একটি গুলি মিলনের বুকে লাগে৷ বিনা ময়নাতদন্তে মিলনের মরদেহ গ্রামে নিয়ে গিয়ে দাফনের জন্য স্থানীয় দুই আওয়ামী লীগ নেতা চাপ দিয়েছিলেন বলেও মামলায় উল্লেখ করেছেন শাহনাজ৷ গত শনিবার রাতে সদর মডেল থানায় শেখ হাসিনাসহ ৪৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়৷ গত ৫ আগস্ট চাষাঢ়ায় গুলিবিদ্ধ হন বন্দর উপজেলার কুশিয়ারা গ্রামের আবুল হাসান স্বজন নামে এক তরুণ৷ পরদিন ভোরে তিনি মারা যান৷ স্বজনের ভাই আবুল কাশেম অনিক বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন।

About the author

SOFT PRO IT