নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ গুদামে আগুন

নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ গুদামে আগুন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ নগরীর বরফকল এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) গুদামে ভয়াবহ আগুনে পুড়লো লক্ষাধিক টাকার মালামাল। শনিবার  দুপুর ১টার দিকে গুদামের দক্ষিণ পাশে স্তূপাকারে রাখা পরিত্যক্ত পাইপে আগুন লাগে। যেখানে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের সমন্বয়ে ৬ ঘন্টা চেষ্টার পর বিকাল সাড়ে ৫টায় নিয়ন্ত্রণে আনতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শী ও বিআইডব্লিউটিএ-র কর্মকর্তাদের ভাষ্যমতে, এই পাইপগুলো মূলত ড্রেজিংয়ের কাজে জাহাজে ব্যবহার করা হতো। শুরুতে গুদামের ভেতর অবস্থানরতরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ঢাকা) আনোয়ারুল হক।

তিনি বলেন, ওয়েস্টেজ পাইপগুলো সেখানে স্তূপাকারে রাখা ছিল। আমরা চারদিক থেকে ঘিরে রেখেছি যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে। আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনাও নেই। আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছি। যেহেতু এখানে রাবার ও প্ল্যাস্টিক রয়েছে, তাই আগুন নেভাতে সময় লাগছে। আমরা আগুন নেভাতে ফোমের ব্যবহার করেছিলাম, কিন্তু খোলা জায়গা হওয়ায় তা কাজে আসেনি। তাই পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে বিস্তারিত তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্ল্যাস্টিক, রাবারের মতো জিনিসপত্র থাকায় আগুন নেভাতে সময় লাগছে। তবে আগুন যাতে আশপাশে ছড়িয়ে না পড়ে সেজন্য কাজ করছে ফায়ার সার্ভিস।

About the author

SOFT PRO IT