নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মিছিল-শ্লোগানে মুখরিত প্রধানমন্ত্রীর জনসভা

মিছিল-শ্লোগানে মুখরিত প্রধানমন্ত্রীর জনসভা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নারায়ণগঞ্জের ইসদাইরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেষ জনসভায় যোগ দিতে শহর ও বিভিন্ন উপজেলা থেকে দলে দলে সমাবেশস্থলে আসছেন দলটির নেতা-কর্মীরা ৷ কুয়াশা উপেক্ষা করে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজির হওয়া মানুষে দুপুরে মধ্যেই প্রায় পূর্ণ হয়ে যায় শহরের ইসদাইরে একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠটি। দুপুর ২টায় এখানে শুরু হওয়া জনসভায় নৌকার প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তিনি দলের নির্বাচনি প্রচার শেষ করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা।

এছাড়া জেলার বিভিন্ন উপজেলা ও থানা এলাকা থেকে আসা বাস, ট্রাক ও পিকআপভর্তি কর্মী-সমর্থকও জড়ো হয়েছেন মাঠটিতে। জনসভা অভিমুখে মিছিলগুলোতে নেতা-কর্মীদের হাতে জাতীয় পতাকা, দলীয় প্রতীক নৌকা সম্বলিত ব্যানার, ফেস্টুন হাতে আওয়ামী লীগ ও দলীয় সভানেত্রীর পক্ষে স্লোগান দিতে দেখা গেছে ৷ অনেকে যানবাহনে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নৌকার পক্ষে ভোট চেয়ে গান বাজাতে দেখা গেছে ৷

সভাস্থলের মূল গেটের সামনে কথা হয় চান মিয়ার সঙ্গে৷ পঞ্চবটি থেকে চার কিলোমিটার হেঁটে মিছিলের সাথে জনসভায় এসেছেন বলে জানান আওয়ামী লীগের এ সমর্থক ৷ তিনি বলেন, অনেকদিন পর নেত্রী নারায়ণগঞ্জে আসছেন, আমরা খুবই আনন্দিত৷ তারে দেখতে আসছি৷ সাথের লোকজনের জন্য অপেক্ষা করছি৷ তারা এলে ভেতরে ঢুকবো ৷

১৫ বছর আগে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে এ মাঠের পাশের ওসমানী পৌর স্টেডিয়ামে এক জনসভায় সর্বশেষ আসেন শেখ হাসিনা ৷ এরপর সরকারি বিভিন্ন প্রকল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন উপলক্ষে নারায়ণগঞ্জের তিনটি উপজেলায় একাধিকবার আসলেও শহরে কোনো অনুষ্ঠানে সরাসরি যোগ দেননি তিনি৷

দীর্ঘ সময় পর আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে ভূমিকা রাখা নারায়ণগঞ্জ শহরে দলটির প্রধান আসার খবরে নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ও উৎসাহ দেখা গেছে ৷ এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল৷ সমাবেশস্থল ছাড়াও শহরের চাষাঢ়া, ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কসহ বিভিন্ন সড়ক মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে দেখা গেছে ৷

About the author

SOFT PRO IT