রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে টেক্সটাইল মিলের গুদামে অগ্নিকান্ড

রূপগঞ্জে টেক্সটাইল মিলের গুদামে অগ্নিকান্ড
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টেক্সটাইল মিলের কাপড়ের গুদামে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। আগুনে গুদামে মজুদকৃত বিপুল পরিমান থান কাপড় ও কেমিক্যাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।  শনিবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত তিনটার দিকে উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকায় এইচ এইচ টেক্সটাইলে এই অগ্নিকান্ড ঘটে।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে রবিবার ভোর পাঁচটায় আগুন নিয়ন্ত্রনে আনে। কারখানায় কোন শ্রমিক কর্মচারি না থাকায় কেউ হতাহত হয়নি।।

এইচ এইচ টেক্সটাইল এর উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) মনির হোসেন জানান, রাত তিনটার দিকে গুদামের ভেতরে হঠাৎ আগুন দেখতে পেয়ে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। ততোক্ষণে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে এবং বিপুল পরিমান কাপড় ও কেমিক্যাল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ডেমরা, আদমজী ও সোনারগাঁও স্টেশনের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ডেমরা স্টেশনের সিনিয়র ষ্টেশন অফিসার মো. ওসমান গনি জানান, রাতে গুদামে কেউ ছিল না। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান এখন পর্যন্ত জানা যায় নি। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে তদন্ত করা হবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

About the author

SOFT PRO IT