রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে বিদেশী পিস্তল, গুলিসহ গ্রেপ্তার-৫

রূপগঞ্জে বিদেশী পিস্তল, গুলিসহ গ্রেপ্তার-৫
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে পুলিশের অভিযানে পিস্তল,গুলিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসী সাব্বির গ্রুপের প্রধান সাব্বির (২৪) সহ তার ৪ সহযোগী রমজান আলী (৩৪), শাওন (২৪) ও আব্দুল হামিদ (২০) ও রাজন (২৩) কে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে ১ টি পিস্তল, ৩ টি তাজা কার্তুজ, ১ টি ম্যাগজিন, ১ টি বড় ছুরি, ১ টি চাইনিজ কুড়াল, ১ টি লোহার পাইপ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা সবাই রূপগঞ্জের মাছিমপুর এলাকার বাসিন্দা। রিপোর্ট লেখাকালে গ্রেপ্তার হওয়া রাজনকে রূপগঞ্জ থানায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ওই সংঘর্ষের ঘটনায় শরিফুল সিকদার (৪৫) নামে এক হোটেল ব্যবসায়ী বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তিনি ঢামেক হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সোমবার (৫ জুন) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, রবিবার সন্ধ্যায় রূপগঞ্জের মুড়াপাড়া উপজেলা মোড়ে ডালিম মেম্বারের অফিসের পাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুড়াপাড়া এলাকার দুই পক্ষের লোকজন অস্ত্র-সস্ত্র সহকারে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসী পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পিস্তল-গুলি ও দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী সাব্বির গ্রুপের প্রধান সাব্বির ও অন্যান্য সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও সংঘর্ষ ও গুলিবিদ্ধ হয়ে শরিফুল সিকদার আহতের ঘটনায় আরেকটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

About the author

SOFT PRO IT