নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র বাবু, বিন্নি ও বাদল

না.গঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র বাবু, বিন্নি ও বাদল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর প্যানেল মেয়র নির্বাচিত হলেন ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু। এছাড়া ২ নম্বর প্যানেল মেয়র ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল এবং ৩ নম্বর প্যানেল মেয়র ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর শারমীন হাবিব বিন্নি নির্বাচিত হয়েছেন। গত ১২ ডিসেম্বর সোমবার দুপুরে সিটি করপোরেশনের মাসিক সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার বিপরীতে ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন পেয়েছেন ১০ ভোট এবং ১৬, ১৭ ও ১৮ ওয়ার্ড কাউন্সিলর আফসানা আফরোজ বিভা পেয়েছেন মাত্র ৪ ভোট। ২ নম্বর প্যানেল মেয়র পদে শাহজালাল বাদল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অপরদিকে ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শারমীন হাবিব বিন্নি। তার বিপরীতে ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ড সংরক্ষিত কাউন্সলর শাওন অংকন পেয়েছেন ১১ ভোট এবং ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড সংরক্ষিত কাউন্সলর শিউলী নওশাদ পেয়েছেন মাত্র ৩ ভোট।

নির্বাচন প্রসঙ্গে সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম বলেন, এবারের নির্বাচন অনেক সুন্দর হয়েছে। কোনো ঝামেলা হয়নি। সবাই সুন্দরভাবে ভোট দিয়েছেন।

এদিকে নির্বাচন শেষে ফলাফল ঘোষণার পর ১ নম্বর প্যানেল মেয়র আব্দুল করিম বাবু বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। সবাই সুন্দরভাবে ভোট দিয়েছেন। আমাকে ভোট দিয়ে ১ নম্বর প্যানেল মেয়র নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।

নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, কোনো প্রার্থীর পক্ষে আমার সমর্থন ছিল না। কাউন্সিলররা যাকে ভোট দিয়েছেন তারাই নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ১৬ই জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে  বিপুল ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছিলেন সেলিনা হায়াৎ আইভী। ১৯২ কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকে আইভী পেয়েছিলেন ১ লাখ ৫৯ হাজার ৯৭ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছিলেন ৯২ হাজার ৫৬২ ভোট। আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী নাসিক নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬৬ হাজার ৫৩৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছে। তাছাড়া এর আগে ২০১১ সালে প্রথমবার এবং ২০১৬ সালে দ্বিতীয়বার নারায়ণগঞ্জের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার নিয়ে তৃতীয় বার মেয়রের দায়িত্ব পালন করছেন আইভী । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনের পর প্যানেল মেয়র নিয়ে আলোচনায় ছিল নারায়ণগঞ্জ।

About the author

SOFT PRO IT