জাতীয় নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

১১ দিন পর পারিশার ফোন উদ্ধার, গ্রেফতার ছিনতাইকারী

১১ দিন পর পারিশার ফোন উদ্ধার, গ্রেফতার ছিনতাইকারী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : রাজধানীর কারওয়ান বাজারে একটি যাত্রীবাহী বাস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারিশা আক্তারের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনার ১১ দিন পর তার মোবাইল ফোন উদ্ধার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ। এ সময় ছিনতাইকারীকেও গ্রেফতার করা হয়েছে। ২রা আগস্ট মঙ্গলবার রাতে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

অপূর্ব হাসান বলেন, গত ২১ জুলাই সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে ছিনতাই হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারিশা আক্তারের মোবাইল ফোন উদ্ধার ও আসামীকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে ৩ আগস্ট বুধবার সকালে তেজগাঁও থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এদিকে, মোবাইল ফোন উদ্ধার ঘটনায় জবি শিক্ষার্থী পারিসা বলেন, মোবাইল ফোন পাওয়াটাই আমার কাছে মুখ্য বিষয় ছিল না। আমি খুব কষ্টে আমার গবেষণাপত্র জমা দিয়েছি। আমি চাই এই চুরি ছিনতাইয়ের স্থায়ী সমাধান হোক। আমার মতো যেন আর কেউ এমন ঘটনার শিকার না হয়, আমি সেই নিশ্চয়তা চাই। বাংলাদেশ থেকে চুরি ছিনতাই শব্দ মুছে যাক।

গত ২১ জুলাই মিরপুর থেকে তানজিল পরিবহনে সদর ঘাটে যাচ্ছিলেন পারিসা আক্তার। পথে কারওয়ান বাজার যানজটের মধ্যে ছিনতাইয়ের শিকার হন তিনি। দ্রুত বাস থেকে নেমে ছিনতাইকারীকে ধরার চেষ্টা করেন।

এ সময় পাশেই আরেকজনের মোবাইল ছিনতাইকারীকে ধরে ফেলেন তিনি। ওই ছিনতাইকারীকে ধরার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে ছিনতাইকারী ও তার সহযোগীকে পুলিশের হাতে তুলে দেন পারিসা আক্তার ও তার সহপাঠীরা।

About the author

SOFT PRO IT