নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

যারা সচ্ছল আসুন বন্যার্তদের পাশে দাঁড়াই : শামীম ওসমান

যারা সচ্ছল আসুন বন্যার্তদের পাশে দাঁড়াই : শামীম ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, আমরা সবার কাছে আকুতি করে একটা ম্যাসেজ দিতে চাই, যারা আমরা মোটামুটি সচ্ছল, আসুন/আসেন বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এ কথাটি যেন আমরা মানুষ হিসেবে প্রমাণ করতে পারি। ২১শে জুন মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে টি-শার্ট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন শহরের চাষাঢ়া এলাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে টি-শার্ট বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, পদ্মা সেতু আমাদের অর্জন নয় গৌরব। এটা সমস্ত অপশক্তির বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার জয়লাভ। আমরা এ অনুষ্ঠানটি আরও জাঁকজমকপূর্ণ ভাবে করতে পারতাম। কিন্তু বাস্তবতা হল একাত্তরের ১৬ ডিসেম্বর স্বাধীনতা পাওয়ার পরেও কিন্তু বাংলাদেশের মানুষ আনন্দ করেছে। কিন্তু সেখানে ত্রিশ লক্ষ লোককে প্রাণ দিতে হয়েছে।

শামীম ওসমান বলেন, আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হবে। শেখ হাসিনা সারা পৃথিবীর কাছে প্রমাণ করেছেন বাংলাদেশ কারও পায়ে ভর করে দাঁড়ায়নি। বাংলাদেশ নিজের পায়ের ওপর ভর করে দাঁড়িয়েছে। জাতির পিতার কন্যা শেখ হাসিনার জন্য আমরা দোয়া চাই। তার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ যেন এগিয়ে যায় সেই দোয়া চাই।

তিনি বলেন, পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানটি আমরা আরও বেশি জাঁকজমকপূর্ণ ও আনন্দপূর্ণ করতে পারতাম। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের মনের ভেতরে চাপা কষ্ট রয়েছে। আমাদের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনোসহ বিভিন্ন এলাকার মানুষ বন্যার পানিতে আজ ক্ষতিগ্রস্ত।

টি-শার্ট বিতরণকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো.মঞ্জুরুল হাফিজ বলেন, আমরা একটা বড় অর্জনের দিকে যাচ্ছি। এই আনন্দ শুধু আমার না। সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ প্রত্যেকে যেন এ আনন্দ উপভোগ করতে পারে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অর্জন সম্পর্কে জানতে পারে সে কারনেই সাধারণ মানুষের মাঝে পদ্মা সেতুর ছবি সংবলিত টি-শার্ট বিতরণ করছি।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাম্মৎ রহিমা খাতুন, এনডিসি রাসেল নূর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এইচ এম সালাউদ্দিন মঞ্জুসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

About the author

SOFT PRO IT