ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে আগুনে পুড়লো ঝুটের গুদাম

নারায়ণগঞ্জে আগুনে পুড়লো ঝুটের গুদাম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের ফতুল্লার দক্ষিণ সস্তাপুর আবাসিক এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে গুদামে থাকা সব ঝুট পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ২৪শে মার্চ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সস্তাপুর লিংক রোড সংলগ্ন ৭ জনের মালিকানাধীন এ ঝুটের গুদামে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে, অগ্নিকান্ডের ঘটনায় লিংক রোডের উভয় সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিলো। এতে যানবাহনের দীর্ঘ যানজট লেগে যায়। ফলে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। তাছাড়া অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ঝুট ব্যবসায়ীরা।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দুলু মিয়া নামে এক ঝুট ব্যবসায়ী জানান, হঠাৎ গুদামে থেকে আগুনের লেলিহান শিখা উপড়ে উঠে ছড়িয়ে যায়। এতে মুহুর্তের মধ্যে সব পুড়ে ছাই হয়ে গেছে। আমরা ৭ জন এ গুদামে গার্মেন্টসের ঝুট রেখে ব্যবসা করি। আমাদের সকলের মিলে প্রায় কয়েক কোটি টাকার ঝুট ছিলো। এখন গুদামে পোড়া টিন ছাড়া কিছুই নেই।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ গুদাম থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে থাকে। কয়েক ঘণ্টার মধ্যেই সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন পোড়া টিন ছাড়া কিছুই নেই।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলা যাবে।

About the author

SOFT PRO IT