সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

র‌্যাবের জালে ধরা পড়লো ভুয়া চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার

র‌্যাবের জালে ধরা পড়লো ভুয়া চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. রুবেল হোসেন (২৭) নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ২২শে ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানাধীন আটি সাকিনস্থ সিদ্ধিরগঞ্জ হিউম্যান ডেভেলপম্যান্ট অর্গানাইজেশন মা ও শিশু স্বাস্থ্য সেবা কেন্দ্রে অভিযান চালিয়ে রোগী দেখে প্রেসক্রিপশন লেখার সময় ওই ভুয়া চিকিৎসককে হাতে নাতে গ্রেফতার করা হয়। নিজেকে চক্ষু বিষয়ক অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে পরিচয় দিতেন মো. রুবেল হোসেন।

এ সময় গ্রেফতারকৃত ভুয়া ডাক্তারের নিকট হতে তার নাম (ডাক্তার মো. রুবেল হোসেন) সম্বলিত সীল, ভিজিটিং কার্ড এবং প্রেসক্রিপশনসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী জব্দ করে র‌্যাব। গ্রেফতারকৃত ভুয়া ডাক্তার মো. রুবেল হোসেন ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন গোয়ালের টিলা এলাকার মো. ইউনুস শেখ এর ছেলে।

২২শে ফেব্রুয়ারি মঙ্গলবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত ভুয়া ডাক্তার মো. রুবেল হোসেন সে সনদপ্রাপ্ত কিংবা বিএমডিসি কর্তৃক নিবন্ধনধারী ডাক্তার না হয়েও নিজেকে চক্ষু বিষয়ক অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে এবং নিজের নামে অবৈধভাবে সীলমোহর, ভিজিটিং কার্ড বানিয়ে দীর্ঘদিন যাবৎ রোগী দেখে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। এছাড়া গ্রেফতারকৃত ভুয়া ডাক্তার মো. রুবেল হোসেন বিভিন্ন চক্ষু রোগীদের নিকট চক্ষু ডাক্তার হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে আসছিল। ভুয়া ডাক্তারদের দৌরাত্ম বন্ধে র‌্যাব ১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT