নারায়ণগঞ্জ বিনোদন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে শুরু হচ্ছে মাসব্যাপী কারুশিল্প মেলা

সোনারগাঁয়ে শুরু হচ্ছে মাসব্যাপী কারুশিল্প মেলা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আগামী ২২শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব-২০২২।

করোনাভাইরাসের কারণে সরকারি নির্দেশনা মোতাবেক এবারের মেলা নির্দিষ্ট সময়ের প্রায় ৪০ দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

এ বিষয় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপপরিচালক রবিউল ইসলাম জানান, গত ১৫ই জানুয়ারি মাসব্যাপী এই লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে মেলার সময় নির্ধারণ করা হয় ২১শে জানুয়ারি। কিন্তু দেশে করোনাভাইরাসে সংক্রমণের হার বৃদ্ধি পেতে থাকলে মেলা স্থগিত করে দেয় সরকার। ১৩ই ফেব্রুয়ারি রবিবার সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সভায় মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও উৎসব করার সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ২২শে ফেব্রুয়ারি থেকে এই মেলা ও উৎসব শুরু হবে। মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

দেশের প্রত্যন্ত অঞ্চলের বিলুপ্ত প্রায় লোকজ ঐতিহ্যকে পুনরুদ্ধার, সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা, প্রদর্শন এবং পুনরুজ্জীবনের লক্ষ্যে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিবছর এ মেলার আয়োজন করে থাকে।সোনারগাঁ উপজেলায় অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব আয়োজন করা হয়ে থাকে প্রতি বছর।

মেলায় নওগাঁ ও মাগুরার শোলা শিল্প, রাজশাহীর শখের হাড়ি, চট্টগ্রামের তালপাখা ও নকশি পাখা, রংপুরের শত রঞ্জি, সোনারগাঁয়ের হাতি ঘোড়া পুতুল ও কাঠের কারু শিল্প, নক্শি কাঁথা, বেত ও বাঁশের কারুশিল্প, নকশি হাতপাখা, সিলেট ও মুন্সিগঞ্জের শীতল পাটি, কুমিল্লার তামা-কাঁসা পিতলের কারুশিল্প, রাঙামাটি ও বান্দরবান জেলার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর কারু পণ্য, কিশোরগঞ্জের টেরাকোটা শিল্প, সোনারগাঁয়ের পাটের কারুশিল্প, নাটোরের শোলার মুখোশ শিল্প, মুন্সিগঞ্জের পটচিত্র, ঢাকার কাগজের হস্তশিল্প প্রদর্শনের ব্যবস্থা করা হয়।

এছাড়াও লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসবে বাউলগান, পালাগান, কবিগান, ভাওয়াইয়া ও ভাটিয়ালী গান, জারি-সারি ও হাছন রাজার গান, লালন সংগীত, মাইজভান্ডারি গান, মুর্শিদী গান, আলকাপ গান, গাঁয়ে হলুদের গান, বান্দরবান, বিরিশিরি, কমলগঞ্জের-মণিপুরী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান, শরিয়তী-মারফতি গান, ছড়া পাঠের আসর, পুঁথি পাঠ, গ্রামীণ খেলা, লাঠি খেলা, দোক খেলা, ঘুড়ি ওড়ানো, লোকজ জীবন প্রদর্শনী, লোকজ গল্প বলা ও পিঠা প্রদর্শনী থাকে।

About the author

SOFT PRO IT