প্রযুক্তি রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কম্পিউটার-মোবাইল সার্ভিসিং দোকানের আড়ালে অশ্লীল ছবি সরবরাহ

কম্পিউটার-মোবাইল সার্ভিসিং দোকানের আড়ালে অশ্লীল ছবি সরবরাহ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইলেকট্রনিক ডিভাইস কম্পিউটারের মাধ্যমে পর্ণোগ্রাফী ভিডিও, অশ্লীল ছবি ও গান সরবরাহের দায়ে ৩ জন অসাধু ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ২১শে জানুয়ারি শুক্রবার রাতে রূপগঞ্জ থানাধীন রুপসী বাসষ্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো : মো. আরিফ মিয়া (৩২), মো. বাবু মিয়া (২২) এবং মো. ওবায়দুল্লাহ ওরফে ওবায়দুল (৩১)। অভিযানকালে গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ৩টি সিপিইউ, ৩টি কী-বোর্ড, ৩টি মাউস এবং ৬টি কার্ড রিডার জব্দ করে র‌্যাব। গ্রেফতারকৃত ১নং আসামী মো. আরিফ মিয়া সোনারগাঁ থানাধীন চেঙ্গাইন বরাবো এলাকার মৃত মতিউর রহমানের ছেলে, ২নং আসামী মো. বাবু মিয়া ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানাধীন বাড়ীখোলার এলাকার মো. মোবারক হোসেন এর ছেলে এবং ৩নং আসামী মো. ওবায়দুল্লাহ ওরফে ওবায়দুল সোনারগাঁ থানাধীন খিদিরপুর এলাকার মৃত নওয়াব আলীর ছেলে।

২২শে জানুয়ারি শনিবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ রুপগঞ্জ থানাধীন রুপসী বাসষ্ট্যান্ড এলাকায় প্রিমা টাওয়ারের পাশে কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং দোকান পরিচালনার আড়ালে ইলেক্ট্রনিক ডিভাইস কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন প্রকার পর্ণোগ্রাফী ভিডিও, অশ্লীল ছবি ও গান সরবারহ করে আসছিল। অনুসন্ধানে আরও জানা যায়, অসাধু ব্যবসায়ী চক্রটি টাকার বিনিময়ে শিক্ষার্থীসহ উঠতি বয়সী বিভিন্ন পেশায় জড়িত তরুণদের মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটারে পর্ণোগ্রাফি ভিডিও বিক্রয়, বিতরণ এবং সরবরাহ করে আসছিল। যুব ও তরুণ সমাজকে অধ:পতনের হাত থেকে বাঁচাতে অশ্লীল ছবি ও পর্ণোগ্রাফী ভিডিও সরবরাহকারী এসকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT