রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

৩২ ঘন্টা পর নিভেছে গাজী টায়ারসের আগুন, ভবন ধসের শঙ্কা

৩২ ঘন্টা পর নিভেছে গাজী টায়ারসের আগুন, ভবন ধসের শঙ্কা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : প্রায় ৩২ ঘন্টা পর মঙ্গলবার ভোর পাঁচটার দিকে গাজী টায়ারস কারখানার আগুন নেভানো গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা৷ ক্ষতিগ্রস্ত ছয়তলা ভবনটি ধসে পড়তে পারে বলেও শঙ্কা করছেন তারা৷

ভবনটি নাজুক অবস্থায় থাকায় এখন পর্যন্ত ভেতরে ঢুকে উদ্ধার অভিযান শুরু করা যায়নি বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আনোয়ারুল হক৷ তিনি বলেন, ভোর পাঁচটার দিকে আগুন নেভাতে সক্ষম হয়েছেন তারা৷ তবে ভেতরের উত্তাপ থেকে আবারও আগুন ধরে যেতে পারে শঙ্কা রয়েছে৷

দীর্ঘ চেষ্টার পর আপাতত ফ্লেম (অগ্নিশিখা) ডাউন (নেভানো) করা সম্ভব হয়েছে কিন্তু এখনও ভবনের ভেতরে হিট (উত্তাপ) আছে৷ অল্প অল্প করে আগুন জ্বলছে৷ ভবনটা বেঁকে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে৷ কয়েকটা জায়গায় সুরকির মতো হয়ে গেছে৷ ভেতরে ঢুকে কাজ করা যাচ্ছে না৷ নিচতলার সিড়ি পর্যন্ত ঢোকা গেছে কেবল৷

টার্ন টেবিল ল্যাডার (টিটিএল) এর সাহায্যে ভবনটির ছাদে এক দফায় তল্লাশি চালানো হয়েছে জানিয়ে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, ছাদের কোনো অংশে হতাহত কাউকে পাওয়া যায়নি৷ ভবনের ভেতরে ঢোকা সম্ভব হয়নি৷ আগুনটা যেহেতু নেভাতে পেরেছি, সবকিছু বিবেচনা করে ভেতরে উদ্ধার অভিযান শুরু করবো৷

এর আগে সোমবার সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম৷ কিন্তু রাত দুইটার দিকেও এ প্রতিবেদক ভবনটিতে আগুন জ্বলতে দেখেছেন৷

মঙ্গলবার সকালে ভবনটিতে আগুন দেখা না গেলেও প্রচুর ধোয়া উড়তে দেখা যায়৷ এদিকে ভোর থেকে থেমে থেমে বৃষ্টিও হয়েছে এ এলাকায়৷

কারখানার সামনে নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের ভিড় দেখা গেছে।

About the author

SOFT PRO IT