আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

হাইসিকিউরিটি কারাগার থেকে পলাতক ৩ ফাঁসির আসামি গ্রেপ্তার

হাইসিকিউরিটি কারাগার থেকে পলাতক ৩ ফাঁসির আসামি গ্রেপ্তার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক তিন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গত বুধবার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা ও মুন্সিগঞ্জ সদরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে আদমজী এলাকায় র‌্যাব-১১ এর সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আড়াইহাজার উপজেলার নয়াগাঁও এলাকার সুরুজ মিয়ার ছেলে মোসাদ্দেক ওরফে সাদেক আলী (৩২), একই এলাকার ইউনুস আলীর ছেলে মো. জাকারিয়া (৩২) ও মুন্সিগঞ্জ সদরের চরমুক্তারপুর এলাকার হাজী কামাল দেওয়ানের ছেলে মো. জুলহাস দেওয়ান (৪৫)।

তানভীর মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘শেখ হাসিনা সরকারের পতনের পরদিন গত ৬ আগস্ট বিকেলে গাজীপুর জেলার কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে বন্দিরা বিদ্রোহ করেন। তারা কারাগারের ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং কারারক্ষীদের ওপর চড়াও হন। তারা কারাগারের দক্ষিণ অংশের দেয়াল ভেঙে গর্ত করতে থাকলে তা প্রতিহত করা হয়। এক পর্যায়ে কারা অভ্যন্তরের বৈদ্যুতিক খুঁটিকে মই হিসেবে ব্যবহার করে পশ্চিম পাশের দেয়াল টপকে ২০৩ জন বন্দি পালিয়ে যায়। এ সময় কারারক্ষিদের গুলিতে ৬ জন বন্দি মারাও যান।’

এই ঘটনার পর পলাতক বন্দিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‌্যাব। গত বুধবার গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার উপজেলা ও মুন্সিগঞ্জ সদরে পৃথক অভিযান চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাবের অধিনায়ক জানান, মোসাদ্দেক ও জাকারিয়া ২০০৮ সালের আড়াইহাজার থানার একটি হত্যা মামলায় অভিযুক্ত। ২০১৩ সালের ১২ জুন এই মামলার রায়ে আদালত তাদের দু’জনকে মৃত্যুদণ্ড প্রদান করে। ওই বছরের ১৮ জুন তাদের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে পাঠানো হয়। এর আগে তারা নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন। অপর আসামি মুন্সিগঞ্জের জুলহাস দেওয়ান নিজের শিশু সন্তানকে হত্যার দায়ে ২০১৮ সালের ৯ অক্টোবর মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন। তার বিরুদ্ধে আরও পাঁচটি মামলা চলমান রয়েছে।

About the author

SOFT PRO IT